চার ভবনের নির্মাণকাজ শেষ হয়নি সাত বছরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন চারটি ভবনের নির্মাণকাজ প্রায় সাত বছরেও শেষ হয়নি। এতে ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসক-কর্মচারী ও রোগীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নতুন ভবনের কাজ শেষ না হওয়ায় হাসপাতালের ৫০ শয্যার কার্যক্রম শুরু করতে পারছে না কর্তৃপক্ষ। এ ছাড়া ভবন না থাকায় চিকিৎসকেরাও কমপ্লেক্স এলাকায় থাকতে পারছেন না। এদিকে নতুন ভবনের কাজ শেষ না হওয়ায় পুরাতন ভবনে ঝুঁকি নিয়ে থাকছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। এতে রোগীদেরও দুর্ভোগে পড়তে হচ্ছে।
দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় এলাকাবাসী গত ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আফজাল হোসেনের কাছে অভিযোগ করেন। এলাকাবাসীর কথা শুনে সাংসদ বলেন, ‘আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়ে ওই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করব এবং যত দ্রুত সম্ভব নতুন টেন্ডার দেওয়ার চেষ্টা করব।’
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ৩১ শয্যার এই হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করতে পুরোনো ভবন সংস্কারসহ নতুন চারটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দোতলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, চিকিৎসকদের দোতলা আবাসিক ভবন, দ্বিতীয় শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবন ও তৃতীয় শ্রেণির কর্মচারীদের তিনতলা আবাসিক ভবন নির্মাণ এবং পুরোনো হাসপাতাল ভবন সংস্কারে মোট ৫ কোটি ১৪ লাখ টাকার এই কাজটি পায় ঢাকার মেসার্স কাজল বিল্ডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তারা ২০০৮ সালের ১৬ জুন নির্মাণকাজ শুরু করে। ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভবনগুলো কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু প্রায় সাত বছরেরও বেশি সময়ে এসব ভবনের কাজ মাত্র অর্ধেক শেষ হয়েছে। প্রতিষ্ঠানটি মাঝেমধ্যে কিছু শ্রমিক পাঠিয়ে যে কাজ করাচ্ছে, তার মানও খুব খারাপ।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ফেলে রাখায় নির্মাণাধীন ভবনগুলো নষ্ট হচ্ছে। এগুলোতে বসছে মাদকাসক্তদের জমজমাট আড্ডা। রাতে চলে জুয়ার আসর। অসামাজিক কার্যকলাপের জন্য অনেকে ভবনগুলো বেছে নিচ্ছে। এসব উৎপাতে কর্তৃপক্ষ ও এলাকাবাসী অতিষ্ঠ।
এ ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশল বিভাগ কিশোরগঞ্জের নির্মাণ রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা ইউনিটের প্রকৌশলী মো. আজম জানান, কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে আড়াই বছরে একাধিকবার চিঠি দিয়েও কোনো লাভ হচ্ছে না। ওই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে কিছুদিনের মধ্যে নতুন দরপত্র আহ্বান করে বাকি কাজ শেষ করা হবে। নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম জানান, যে গতিতে কাজ হয়েছে, তাতে ওই ঠিকাদারের পক্ষে ২০১৫ সালের মধ্যেও ভবনগুলো কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের সংস্কারও নতুন ভবনের কাজের সঙ্গে যুক্ত। তাই আলাদাভাবে পুরোনো ভবনের সংস্কারের উদ্যোগ নেওয়া যাচ্ছে না। হাসপাতালের দরজা-জানালা সব ভেঙে যাচ্ছে। পয়ঃপ্রণালি ও পানিনিষ্কাশনব্যবস্থাও নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলে রোগীদের শরীরে পানি পড়ে। রোগীরা এ হাসপাতালে ভর্তি হতে চাচ্ছেন না।
কিশোরগঞ্জের সিভিল সার্জন মুখলেছুর রহমান খান জানান, ‘ঠিকাদারের গাফিলতির কারণে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শেষ হলো না। আমি প্রতি মাসে জেলা উন্নয়ন সভায় এ সমস্যা নিয়ে কথা বলি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।’
এ ব্যাপারে কথা বলতে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো লোক বা প্রতিনিধিকে খুঁজে পাওয়া যায়নি। এ কারণে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।