পেকুয়ার বাড়িতে র্যাবের অভিযান, অস্ত্র উদ্ধার
চার ভাই-ই যুব ও ছাত্রলীগের নেতা, সবাই গ্রেপ্তার
তাঁরা পাঁচ ভাই। সবাই কক্সবাজারের পেকুয়া উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতা। বড় ভাই পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম। গতকাল রোববার ভোরে তাঁদের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে র্যাব। এরপর তাঁদের নিয়ে যাওয়া হয় র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পে। সন্ধ্যায় এক ভাইকে ছেড়ে দিয়ে বাকি চারজনের বিরুদ্ধে পেকুয়া থানায় অস্ত্র আইনে মামলা করে র্যাব।
পাঁচ ভাইকে আটকের প্রতিবাদে সকাল আটটার দিকে পেকুয়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ছাড়া সকাল ১০টার দিকে উপজেলার দুটি সড়কে গাছ ফেলে অবরোধ করা হয়। সমাবেশ থেকে বলা হয়, একটি মহল পরিকল্পিতভাবে তাঁদের ফাঁসিয়েছে।
পেকুয়া সদরের চৌমুহনী স্টেশনের পাশে জাহাঙ্গীর আলমের বাড়ি। তাঁর বাড়িতে অস্ত্র রয়েছে—গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানান র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন। তিনি বলেন, বাড়িটি থেকে ২টি এলজি, ১টি লম্বা বন্দুক, ১১টি গুলি ও ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, বাড়ি থেকে চার ভাইকে আটক করা হয়। তাঁরা হলেন জাহাঙ্গীর, মো. আলমগীর (পেকুয়া উপজেলা যুবলীগের সদস্য), মো. কাইয়ুম (উপজেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক) ও মো. ওসমান সরওয়ার (উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক)। আরেক ভাই মো. আজমগীরকে (উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক) ভোর চারটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকার পারিবারিক মৎস্য প্রকল্প থেকে আটক করে র্যাব।
এদিকে জাহাঙ্গীরসহ তাঁর ভাইদের আটক করার খবর ছড়িয়ে পড়লে সকাল ৮টা থেকে পেকুয়ার বিভিন্ন এলাকায় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। সকাল ৮টার দিকে পেকুয়া চৌমুহনী স্টেশনে বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে ৯টার দিকে পেকুয়া বাজারে বিক্ষোভ সমাবেশ হয়। এতে বক্তব্য দেন পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শহিদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম, মাশুক আহমদ, এইচ এম শওকত। তাঁরা বলেন, একটি মহল পরিকল্পিতভাবে পাঁচ ভাইকে ফাঁসিয়েছে। তাঁদের নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতারা। পরে বিকেলেও উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেন নেতা-কর্মীরা।
সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এবিসি (আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া) মহাসড়কের পেকুয়া মডেল কেজি স্কুলের সামনে গাছ ফেলে অবরোধ করেন। এ ছাড়া পেকুয়া-বরইতলী সড়কের চৌমুহনী এলাকায় নেতা-কর্মীরা সড়কের ওপর অবস্থান নিয়ে এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে গাছ এবং নেতা-কর্মীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
জাহাঙ্গীরের বাবা রমিজ আহমদ বলেন, তাঁর ছেলেরা সবাই রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত। এতে ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে তাঁর ছেলেদের ফাঁসানো হয়েছে। তবে কারা ঈর্ষান্বিত হয়ে এই কাজ করেছে, তা বলেননি তিনি।
এ বিষয়ে র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন প্রথম আলোকে বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি, আজমগীরের বিরুদ্ধে পাঁচটি, আলমগীরের বিরুদ্ধে তিনটি ও কাইয়ুমের বিরুদ্ধে পাঁচটি মামলায় পরোয়ানা রয়েছে। ওসমান সরওয়ারের বিরুদ্ধে কোনো মামলায় পরোয়ানা নেই। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। উদ্ধার করা ১৭ লাখ টাকা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তবে মামলার সংখ্যা নিয়ে র্যাব আর পুলিশের বক্তব্যে ভিন্নতা রয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে একটি মারামারির মামলা, আজমগীরের বিরুদ্ধে চাঁদাবাজি, অস্ত্র, অপহরণের অভিযোগে পাঁচটি মামলা, কাইয়ুমের বিরুদ্ধে চাঁদাবাজি-অপহরণসহ পাঁচটি মামলা রয়েছে। আলমগীরের বিরুদ্ধে মামলা নেই। তিনি বলেন, অস্ত্র আইনে র্যাবের পক্ষ থেকে চার ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় কক্সবাজার থেকে পাঁচ ভাইকে পেকুয়ার পাশের উপজেলা চকরিয়া থানায় আনা হয়। মামলা না থাকায় থানা থেকে ছেড়ে দেওয়া হয় ছোট ভাই ওসমান সরওয়ারকে। আসামিদের কেন পেকুয়া থানায় আনা হয়নি, জানতে চাইলে ওসি জহিরুল ইসলাম বলেন, পরিস্থিতির কারণে তাঁদের চকরিয়ায় নেওয়া হয়।