চার ভাইয়ের চার পুকুর, জায়গা চিত্রা নদীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে চিত্রা নদীর জায়গা দখল করে বিশাল আকৃতির চারটি পুকুর তৈরি করেছেন চার ভাই। এতে একদিকে নদীর জায়গা বেদখল হয়ে গেছে, অন্যদিকে পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
ওই চার ভাই হচ্ছেন সদর উপজেলার সুতি গ্রামের সামছুর রহমান, হায়দার আলী ওরফে টগা, মতিয়ার রহমান ও সেকেন্দার আলী।
এলাকাবাসী অভিযোগ করেছেন, মেশিনের সাহায্যে নদীর মাটি কেটে পুকুর তৈরি করার সময় তাঁরা বাধা দিয়েছিলেন, কিন্তু তাদের কথা শোনা হয়নি। তাঁরা স্থানীয় ভূমি অফিসেও খবর দিয়েছিলেন, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয়নি।
এলাকাবাসী জানান, ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিমাঞ্চল দিয়ে কালীগঞ্জের মধ্য দিয়ে যশোর হয়ে নড়াইল চলে গেছে চিত্রা নদীটি। এই নদীর ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের সুতি-দুর্গাপুর এলাকার সুতি গ্রামের নিচ দিয়ে বয়ে যাওয়া অংশে বিশাল আকৃতির চারটি পুকুর করেছেন ওই চার ভাই। নদীর অর্ধেক অংশ চলে গেছে তাঁদের পুকুরের মধ্যে। মাঝ পর্যন্ত দখল করে সেখানে পাড় বাঁধা হয়েছে।
হায়দার আলী দাবি করেন, নদীর পাড় ধরে তাঁদের জায়গায় পুকুর কেটেছেন, নদীর জায়গা দখল করেননি। তবে কাটার একটু এদিক-সেদিক হতে পারে। তিনি বলেন, এটা তাঁরা চার ভাই মিলে করেছেন। নদীর কোনো ক্ষতি তাঁরা করেননি।
মধুহাটি ইউনিয়ন ভূমি কর্মকর্তা তোফাজ্জেল হোসেন জানান, নদীর পাড়ে পুকুর হচ্ছে শুনেছেন। তবে নদীর জায়গা দখল করে করা হচ্ছে, এটা তিনি জানেন না। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানান।
ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নাইন বিষয়টি দেখবেন বলে জানান।