চার ভুয়া চিকিত্সককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে গতকাল ভ্রাম্যমাণ আদালত চার ভুয়া চিকিত্সককে ধরে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ও ফেনী-নোয়াখালী সড়কের তেমুহনী ও মাথিয়ারা এলাকায় পৃথক চারটি ‘আলা বকস্্ হাড় ভাঙ্গার চিকিত্সা’ কেন্দ্রে অভিযান চালান। অভিযান চলাকালে ওই সব হাড় ভাঙ্গা চিকিত্সা কেন্দ্রে চিকিত্সা বিষয়ে কোনো ধরনের ডিগ্রি না থাকা সত্ত্বেও তারা ‘ডাক্তার’ পদবি লিখে রোগীদের ব্যবস্থাপত্র দিতে থাকেন।
পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাশেদুর রহমান তাঁদের চারজনকে পৃথকভাবে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ ছাড়া তাঁদের ভবিষ্যতে ‘ডাক্তার’ পদবি ব্যবহার না করতে সতর্ক করে দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোয়াজ্জেম হোসেন (৫০), মো. মহিউদ্দিন জুলফিকার (৩৫), জাকির উল্লাহ (৫০) ও মো. রিয়াদুল আলম। ভ্রাম্যমাণ আদালতের আদেশ মেনে তাঁরা চারজনই নগদ এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. রাশেদুর রহমান ভুয়া ‘ডাক্তার’ পদবি ব্যবহারকারী চারজনকে এক লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা আদায়ের সত্যতা নিশ্চিত করেছেন।