চার ভুয়া ডিবি পুলিশ কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভুয়া গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তারের পর চার ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুরে ফরিদপুরের মুখ্য বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

মধুখালী থানার পুলিশ জানায়, গতকাল রোববার সন্ধ্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী টোল প্লাজায় ডিবি পুলিশ পরিচয়ে টোল না দিয়ে চলে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়। তাঁরা হলেন ঢাকার আশুলিয়ার পলাশবাড়ি এলাকার মাসুদ রানা (৩৫), রহিম ব্যাপারী (৩০), খোরশেদ আলম (৩০) ও সম্রাট শেখ (৩২)।

কামারখালী সেতুর টোল প্লাজায় সার্বিক দায়িত্বে থাকা আকেব খান বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে একটি প্রাইভেট কারে করে পাঁচ ব্যক্তি কামারখালী সেতুর টোল প্লাজায় নিজেদের ডিবি পুলিশের সদস্য দাবি করে টোল দিতে অস্বীকৃতি জানান। এ সময় টোল প্লাজার লোকজন তাঁদের পরিচয়পত্র দেখাতে বললে তাঁরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। টোল প্লাজার লোকজন তখন তাঁদের ধাওয়া করে স্থানীয় লোকজনের সহযোগিতায় চারজনকে ধরে ফেলেন। একজন পালিয়ে যান। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং সঙ্গে থাকা দুটি পুলিশের বেল্ট, একটি হ্যান্ডকাপ ও একটি লাইট জব্দ করা হয়। পরে মধুখালী থানায় খবর দিয়ে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে আজ সকালে টোল প্লাজার পক্ষ থেকে মধুখালী থানায় ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে। ওই মামলায় এই চারজনকে গ্রেপ্তার দেখানো হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।