চার ভূমিহীন পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
বগুড়ার শেরপুরে চারটি ভূমিহীন পরিবারের বসতঘরে ইটপাটকেল ছুড়ে তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে স্থানীয় একটি কলেজের ছাত্ররা। ওই পরিবারগুলোকে খাসজমি থেকে উচ্ছেদের জন্য কলেজের অধ্যক্ষ ছাত্রদের দিয়ে এ কাজ করাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুদবান্দি গ্রাম যমুনা নদীতে বিলীন হয়ে যায়। এ সময় ওই গ্রামের বাসিন্দা বিজয় মহন্ত, বিপুল মহন্ত, তপন মহন্ত ও বিশু মহন্ত তাঁদের বসতভিটা হারান। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় তাঁরা শেরপুর মৌজার ৬৮৭ নম্বর দাগের ৬ শতাংশ জমিতে ঘর উঠিয়ে বাস করতে শুরু করেন। ওই জমির পাশেই শেরপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।তপন মহন্ত অভিযোগ করেন, কলেজ খোলা থাকলে ছাত্ররা তাঁদের ঘরের চালের টিনে ইটপাটকেল ছোড়ে। এতে অনেক টিন ছিদ্র হয়ে গেছে। কলেজের শিক্ষকদের অনুরোধ করা হলেও কোনো কাজ হয়নি। উল্টো শিক্ষকেরা তাঁদের বসতঘর সরিয়ে নিতে বলেছেন।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ জাফর আলমগীর জমি থেকে উচ্ছেদের জন্য ওই চারটি পরিবারের বসতঘরে ছাত্রদের দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই চারটি পরিবার কলেজের নামে কেনা ৬ শতাংশ জমিতে বাস করছে।শেরপুর পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা আবদুস সাত্তার জানান, কলেজটির নামে রেজিস্ট্রিমূলে দলিল করা ওই দুটি দাগের মধ্যে ৬৮৭ নম্বর দাগটি সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সম্পত্তি। ওই দাগে ১৯ দশমিক ৭৫ শতাংশ জমি আছে। ওই জমি কলেজের নামে নিবন্ধন করা ঠিক হয়নি।