চার মহানগরে পুরস্কার বিতরণী ১৫ জানুয়ারি থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশভিত্তিক উৎকর্ষ (বই পড়া) কার্যক্রমের আওতায় বিশ্বসাহিত্য কেন্দ্র গ্রামীণফোনের সহায়তায় ঢাকাসহ চার মহানগরে পুরস্কার বিতরণী উৎসবের আয়োজন করেছে। পুরস্কার হিসেবে সারা দেশের ছাত্রছাত্রীদের মধ্যে ৬৫ হাজার বই এবং নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে ৩০টি ল্যাপটপ দেওয়া হবে। গতকাল বুধবার বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির ডেপুটি টিম লিডার মেসবাহউদ্দিন।
সংবাদ সম্মেলনে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় পুরস্কার বিতরণী উৎসব হবে। এর মধ্যে ঢাকায় রমনার বটমূলে ১৫ ও ১৬ জানুয়ারি, চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে ২২ জানুয়ারি, রাজশাহী শিক্ষা বোর্ড অ্যান্ড কলেজে ২৯ জানুয়ারি এবং খুলনা করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ১১ মার্চ পুরস্কার বিতরণী উৎসব হবে। ঢাকায় ৬ হাজার ৭০৯ জন, চট্টগ্রামে ৫ হাজার ৩১৬ জন, রাজশাহীতে ৮৬২ জন এবং খুলনায় ৩ হাজার ৪২১ জন বিজয়ী ছাত্রছাত্রী পুরস্কার পাবে।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ১২ বছর ধরে বিশ্বসাহিত্য কেন্দ্রের এই সফল উদ্যোগকে গ্রামীণফোন সহযোগিতা করে আসছে। তিনি বলেন, কেবল রাজনীতিবিদদের দিকে চেয়ে থাকলে চলবে না। দেশের ১০ ভাগ মানুষকে বই পড়াতে পারলে দেড় কোটি পাঠক সৃষ্টি হবে।
সৈয়দ তালাত কামাল বলেন, ইন্টারনেটে ভালো-খারাপ দুই দিকই আছে। ইন্টারনেট ব্যবহার করে অনেক তথ্য পাওয়া গেলেও তা বই পড়ার বিকল্প নয়। এই কর্মসূচির সঙ্গে থাকতে পেরে গ্রামীণফোন খুব খুশি।