চার মহাসড়কে ২১৬ ঝুঁকিপূর্ণ স্থান, তালিকায় চৌদ্দগ্রামও
দেশের চারটি গুরুত্বপূর্ণ মহাসড়কের ২১৬টি স্থানকে যাত্রী ও পণ্যবাহী পরিবহনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে র্যাব। গত সোমবার গভীর রাতে চৌদ্দগ্রামের মিয়া বাজারের যে স্থানে বাসে পেট্রলবোমা হামলায় সাত যাত্রী নিহত হলেন, সেটিও এই ঝুঁকিপূর্ণ স্থানের তালিকায় রয়েছে। গত ২৯ জানুয়ারি আন্তমন্ত্রণালয় সভায় প্রতিটি ঝুঁকিপূর্ণ স্থানে তিন পালায় ১২ জন আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
র্যাব এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, টানা অবরোধ-হরতালে পেট্রলবোমা হামলা শুরুর পর র্যাব তাদের প্রতিটি ব্যাটালিয়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ স্থানের সমীক্ষা চালায় এবং এই তালিকা তৈরি করে। ২৯ জানুয়ারি র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এই তালিকার একটি কপি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিককে দেন।
র্যাব সূত্র জানায়, অবরোধ-হরতালে নাশকতা, বিরোধী রাজনৈতিক দলগুলোর শক্তিমত্তা ও যানবাহন চলাচলের হার বিবেচনায় নিয়ে র্যাব ঝুঁকিপূর্ণ স্থানের এই তালিকা করেছে। ওই আন্তমন্ত্রণালয় সভা শেষে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, ৩০ জানুয়ারি থেকেই আনসার নামা শুরু হবে।
অবশ্য গতকাল মঙ্গলবার আনসার ও ভিডিপির উপপরিচালক (সাধারণ) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সোমবার থেকে আনসার নামা শুরু হয়েছে। গতকাল পর্যন্ত ৯৮টি স্থানে এক হাজার ১৭৬ জন নেমেছে। কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা নিক্ষেপের স্থানে আনসার ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, কুমিল্লায় চিওড়া বাজার ও গৌরীপুরে আনসারের পয়েন্ট আছে, যা ঘটনাস্থল থেকে ৪০ কিলোমিটার দূরে।
র্যাবের তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ স্থান আবদুল্লাহপুর থেকে উত্তরবঙ্গের দিকের তিন মহাসড়কে। এই মহাসড়কগুলো উত্তরের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল হয়ে ঢাকার সঙ্গে যোগাযোগ তৈরি হয়েছে। এসব জেলার অন্তর্গত মহাসড়কের অন্তত ১৫০টি স্থান ঝুঁকিপূর্ণ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝুঁকিপূর্ণ স্থান ৬৬টি, এর বেশির ভাগই সীতাকুণ্ড ও কুমিল্লায়।
আন্তমন্ত্রণালয় বৈঠকে হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও সারা দেশে ৯৯৩টি স্থানকে পণ্য ও যাত্রীবাহী যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। সে মোতাবেক পর্যায়ক্রমে এসব স্থানে প্রায় ১২ হাজার আনসার সদস্য নিয়োগের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে, নিয়োজিত আনসার সদস্যরা তিন পালায় কাজ করবেন। প্রতি পালায় থাকবেন চারজন। অধিক গুরুত্ব বিবেচনায় চারটি মহাসড়কের ২১৬টি ঝুঁকিপূর্ণ স্থানে প্রথমে আনসার নিয়োগের সিদ্ধান্ত হয়।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, এ পর্যন্ত পণ্য ও যাত্রীবাহী যান বেশি নাশকতার শিকার হয়েছে উত্তরবঙ্গের সড়কগুলোতে। এর মধ্যে দিনাজপুর-চিরিরবন্দর - পার্বতীপুর - ফুলবাড়ী-বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ-মিঠাপুকুর-বগুড়া-শেরপুর-সিরাজগঞ্জ-টাঙ্গাইল-চন্দ্রা মোড়-আবদুল্লাহপুর পথে সবচেয়ে বেশি ৮৫টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করা হয়েছে।
র্যাবের সমীক্ষা অনুসারে, সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ-গোদাগাড়ী-রাজশাহী-নাটোর-বনপাড়া-সিরাজগঞ্জ চৌরাস্তা-টাঙ্গাইল হয়ে আবদুল্লাহপুর পথে ঝুঁকিপূর্ণ স্থান ৪২টি। এ ছাড়া হিলি স্থলবন্দর-জয়পুরহাট-পাঁচবিবি-ক্ষেতলাল-বগুড়া-সিরাজগঞ্জ হয়ে ঢাকামুখী সড়কে ঝুঁকিপূর্ণ স্থান ২৩টি।
রংপুরের মিঠাপুকুরের বাতাসন-ফতেহপুরে বাসে পেট্রলবোমা হামলায় ছয়জন যাত্রী মারা যান। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, ৬ জানুয়ারির পর মিঠাপুকুরে মহাসড়কে অন্তত ১৫টি নাশকতার ঘটনা ঘটেছে।
এর পরই ঝুঁকিপূর্ণ স্থান বেশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। র্যাবের তালিকা অনুসারে, এই মহাসড়কে চট্টগ্রাম বন্দর-অলংকার মোড়-মিরসরাই-ফেনী-চৌদ্দগ্রাম-কুমিল্লা-কাঁচপুর সেতু-নারায়ণগঞ্জ-ঢাকা পথে ঝুঁকিপূর্ণ স্থান ৬৬টি। এর মধ্যে বেশি ঝুঁকিপূর্ণ সীতাকুণ্ড এবং চৌদ্দগ্রাম। সোমবার গভীর রাতে বাসে পেট্রলবোমা হামলার স্থান মিয়া বাজারও এতে রয়েছে। এ ছাড়া চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নের আমজাদের বাজার, চৌদ্দগ্রাম বাজার, ধর্মপুরও তালিকায় রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, ফেনী থেকে চৌদ্দগ্রাম, গাইবান্ধার পলাশবাড়ী এবং রংপুরের মিঠাপুকুরসহ কিছু এলাকা ভয়ংকর হয়ে উঠেছে। চৌদ্দগ্রামে তো এক রাতেই ২০-২৫টি বাস থামিয়ে ভাঙচুর করা হয়েছে। বাসের যাত্রী ও শ্রমিকদের মনোবল ঠিক রাখতে হলে ঝুঁকিপূর্ণ স্থানের আশপাশে অভিযান চালাতে হবে। সার্বক্ষণিক আনসারের পাহারা বসাতে হবে। সর্বোপরি স্থানীয় জনপ্রতিনিধিদের কাজে লাগাতে হবে।
সীতাকুণ্ড অংশে ঝুঁকিপূর্ণ হচ্ছে ছোট দারোগার হাট, ইয়াকুব নগর, পন্তীশিলা, আমিরাবাদ, নোনাছড়া, কসাইখানা, সীতাকুণ্ড বাসস্ট্যান্ড, দোয়াজীপাড়া রাস্তার মাথা, মাজার ফকিরহাট, সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, মাদামবিবির হাট, ফুলতলা, রয়েল গেট, ইসলামী বিশ্ববিদ্যালয় গেট, পিএইচপি গেট, বড় কুমিরা, ছোট কুমিরা, কালু শাহা সেতু, সোনারগাঁ পেট্রলপাম্প, িনমতলা জিপিএস ইস্পাত কারখানা এলাকা।
পুলিশ ও পরিবহন মালিক সমিতি সূত্র জানায়, অবরোধ শুরুর পর সীতাকুণ্ড অংশে ছয়টি যানে আগুন দেওয়া হয়েছে। ভাঙচুর হয়েছে অন্তত ৫০টি যান। ২০১৩ সালে ওই এলাকায় ২১৯টি যানে অগ্নিসংযোগ ও এক হাজারের বেশি যান ভাঙচুর করা হয়েছিল। প্রাণ হারিয়েছিলেন সাতজন। তাঁদের মধ্যে দুজন আওয়ামী লীগের, চারজন জামায়াতের এবং একজন বিএনপির। আহত হন ৫০ জন।