চার মাটি ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় তুরাগ নদের তীরে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে গতকাল বুধবার চারজন মাটি ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এ ছাড়া ১৫ দিনের মধ্যে নিজ খরচে খাদ ভরাটের নির্দেশ দেওয়া হয়েছে।ওই চার ব্যবসায়ী হলেন: আবদুর রাজ্জাক, আবদুল গণি, মো. আয়নাল ও বছর মিয়া। তাঁদের বাড়ি কোনাবাড়ী এলাকায়।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কোনাবাড়ী এলাকা থেকে গত দুই বছরে প্রায় পৌনে সাত লাখ ঘনফুট মাটি উত্তোলন করা হয়েছে। প্রতি ট্রাক মাটি মাত্র ৫০০ টাকা করে ইটভাটার মালিকদের কাছে বিক্রি করা হয়েছে। তদন্তে আরও দেখা যায়, অপরিকল্পিতভাবে মাটি উত্তোলনের ফলে কাতলাখালী গ্রামে ঘরবাড়ি ও রাস্তায় ছোট ছোট ভূমিধসের সৃষ্টি হয়েছে। এ ছাড়া তুরাগের গতিপথ পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে।জরিমানা করার সত্যতা নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী প্রথম আলোকে মুঠোফোনে বলেন, অবৈধ ইটভাটার খোঁজে শিগগিরই অভিযান চালানো হবে।