ভুল ব্যাখ্যা দিয়ে মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নেওয়া ঠেকাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে চারটি মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে, তা আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।মন্ত্রণালয়ের মতে, এসব মানদণ্ড মানা হলে মুক্তিবার্তা পত্রিকায় প্রকাশিত যে ৩০ হাজার মুক্তিযোদ্ধার নাম যাচাই-বাছাই করে বাদ দেওয়া হয়েছিল, তাঁদের নাম পুনরায় লিপিবদ্ধ করতে হবে। তা ছাড়া জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশে যে ১৬৩ জন কর্মকর্তা-কর্মচারীর চাকরির বয়সসীমা বাড়ানো হয়েছে, সে বিষয়ে জটিলতা সৃষ্টি হবে। এসব মানদণ্ড অনুসরণের ক্ষেত্রে নির্দেশনাগুলো আরও স্পষ্ট করার প্রয়োজনের কথা উল্লেখ করে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি সারসংক্ষেপ পাঠাচ্ছে মন্ত্রণালয়।প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে গত ৭ নভেম্বর সংস্থাপনসচিব ইকবাল মাহমুদের কাছে চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, সরকার মুক্তিযোদ্ধাদের চাকরির বয়সসীমা ৫৭ থেকে বাড়িয়ে ৫৯ করার পর মুক্তিযোদ্ধার সনদ নেওয়ার হিড়িক পড়ে। অনেকেই ভুল ব্যাখ্যা দিয়ে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করেন। এই হিড়িক ঠেকাতে চারটি মানদণ্ড নির্ধারণ করে দেয় প্রধানমন্ত্রীর দপ্তর। চার মানদণ্ড অনুযায়ী যেসব কর্মকর্তা-কর্মচারী সরকারি চাকরিতে প্রবেশের সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করেছিলেন, যাঁদের নাম মুক্তিবার্তা পত্রিকায় প্রকাশিত হয়েছিল, মুক্তিযোদ্ধা হিসেবে যাঁদের নাম গেজেটে প্রকাশিত হয়েছিল অথবা মুক্তিযোদ্ধা হিসেবে যাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা সনদ গ্রহণ করেছেন—তাঁদের চাকরির বয়সসীমা বাড়বে।জানতে চাইলে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি খুবই স্পর্শকাতর। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে মানদণ্ড নির্ধারণ করে দেওয়া হয়েছে, তার অনেক নির্দেশই স্পষ্ট নয়। আমরা এটিকে পরিবর্তন করে যুক্তিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ হয়েছে। সে অনুযায়ী এ সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হচ্ছে।’ সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার অধীনে কর্মরত ১৫ হাজার ৭২৮ জন কর্মকর্তা-কর্মচারীকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রত্যয়নের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ১০ হাজার ৬৯৮ জনকে প্রত্যয়ন দেওয়া হয়েছে এবং বাকি পাঁচ হাজার ৩০ জনকে প্রত্যয়ন দেওয়া হয়নি। ১০ হাজার ৬৯৮ জনের মধ্যে তিন হাজার ৬৭৪ জনের নাম মুক্তিবার্তায় ও ছয় হাজার ৮৬১ জনের নাম আগের গেজেটে এবং ১৬৩ জনের নাম জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশক্রমে প্রকাশিত গেজেটে অন্তর্ভুক্ত রয়েছে। উল্লেখ্য, মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত এক লাখ ৫১ হাজার ৩২১টি সাময়িক সনদ দেওয়া হয়েছে।