চার মামলা, আসামি ৭৯০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং সহিংসতার ঘটনায় গতকাল সোমবার নগরের মতিহার থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় ১৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করা হয়েছে। ছাত্রলীগও একটি মামলা করেছে তাদের মিছিলে হামলার অভিযোগে।
মতিহার থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম প্রথম আলোকে জানান, বেআইনি সমাবেশ, মারামারি, সরকারি কাজে বাধাদান ও ভাঙচুরের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়। বিস্ফোরক আইনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপর মামলায়ও ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
এসআই মনিরুল আরও জানান, একই অভিযোগে মতিহার থানার পক্ষ থেকে আরও দুটি মামলা করা হয়। পুলিশের মামলা দুটিতে ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুর নুর বলেন, ‘মামলায় সবাইকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। ফলে তাঁরা আন্দোলনকারী, না অন্য কোনো সংগঠনের নেতা-কর্মী, তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। তদন্ত করে বের করার চেষ্টা করছি।’
তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করতে চাননি ওসি। তিনি জানান, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে।
ছাত্রলীগের মামলা: রোববার ছাত্রলীগের মিছিল লক্ষ্য করে ককটেল হামলার চালানোর অভিযোগে মতিহার থানায় গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকেও একটি মামলা করা হয়। এতে ১২ জনের নাম উল্লেখ করে এবং ২০-৩০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ক্যাম্পাস ফাঁকা: গত রোববার বর্ধিত ফি ও সন্ধ্যাকালীন কোর্স বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশ হামলা চালায়। এতে সাংবাদিকসহ শতাধিক শিক্ষার্থী আহত হন। ওই দিন সন্ধ্যায় সিন্ডিকেটের জরুরি বৈঠক ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
শিক্ষার্থীদের গতকাল সোমবার সকাল আটটার মধ্যে ক্যাম্পাস ত্যাগ করতে নির্দেশ দেয় প্রশাসন। ছেলেদের ১১টি ও মেয়েদের পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীরা ভোর থেকেই বের হয়ে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।
নির্দেশ উপেক্ষা ছাত্রলীগের: সিন্ডিকেটের নির্দেশ অনুযায়ী, গতকাল সকাল আটটার মধ্যে সাধারণ শিক্ষার্থী হল ত্যাগ করলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীরা বের হন দুপুর ১২টার পর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানসহ ছাত্রলীগের ১০-১৫ জন নেতা-কর্মী দুপুর ১২টা পর্যন্ত হলে অবস্থান করেছিলেন।
এ বিষয়ে প্রাধ্যক্ষ এস এম জাহিদ হোসেন বলেন, ‘সবাই ছাত্র। সবাইকে বের হয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। অবস্থানের বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শুনেছি, ছাত্রলীগের সভাপতি আহত হয়েছেন। জোর করে তাঁকে তো আর বের করে দেওয়া যায় না।’
তদন্ত কমিটি: বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াস হোসেন জানান, রোববারের ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার দায়দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ন্যস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক খালিকুজ্জামানকে প্রধান করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বিকেল পাঁচটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিক্ষক সমিতির প্রতিবাদ: শিক্ষকদের আবাসিক কোয়ার্টার জুবেরি ভবনে আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে গতকাল সংবাদ সমেঞ্চলন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দুপুর ১২টায় ডিনস কমপ্লেক্স ভবনে এ সংবাদ সমেঞ্চলনে সমিতির সভাপতি মো. আজাহার আলী শিক্ষক-শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সহাবস্থান কামনা করেন। বিশ্ববিদ্যালয় দ্রুত খুলে দেওয়ার দাবি জানান তিনি। বর্ধিত ফি প্রত্যাহারের পরও একটি নির্দিষ্ট গোষ্ঠী ভুল তথ্য দিয়ে আন্দোলনের মাধ্যমে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেছে বলেও অভিযোগ করেন তিনি। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর অস্ত্রধারীদের হামলার নিন্দা জানিয়ে তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবিও জানান তিনি। এর আগে বেলা ১১টায় একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সাংবাদিকদের মানববন্ধন: রোববার ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ব্যানারে গতকাল দুপুর সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে তিন সহকারী প্রক্টর যথাক্রমে সাখাওয়াৎ হোসেন, হেলাল উদ্দিন ও সিরাজুল ইসলামকে অপসারণ এবং মহানগর পুলিশের উপকমিশনার প্রলয় চিসিমকে ক্যাম্পাস থেকে প্রত্যাহারের দাবি জানান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ঢাবিসাস), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকেরা নিন্দা প্রকাশ করে বিবৃতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।