চার মামলা থেকে প্রথম আলো প্রতিনিধির অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবাদ প্রকাশের জের ধরে করা চারটি সাজানো মামলা থেকেই প্রথম আলোর পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রতিনিধি ইশরাত হোসেনকে অব্যাহতি দিয়েছেন আদালত। এর মধ্যে তিনটি মামলায় ইশরাত হোসেনের ভাই আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাইমুন রহমানও আসামি ছিলেন। আদালত তাঁকেও অব্যাহতি দিয়েছেন।গলাচিপার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত এবং পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত গত সোম ও মঙ্গলবারসহ বিভিন্ন ধার্য তারিখে মামলাগুলোর চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে দুই সাংবাদিককে অব্যাহতি দেন। একই সঙ্গে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করার অভিযোগে তিনটি মামলার বাদীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে অনুমতি দেন আদালত।বিভিন্ন সময়ে আদালতে দাখিল করা চূড়ান্ত প্রতিবেদনে ইশরাত হোসেনসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে করা প্রতিটি মামলাই মিথ্যা ও সাজানো বলে উল্লেখ করে পুলিশ।গত বছরের ২১ আগস্ট প্রথম আলো য় ‘গলাচিপায় নদীর তীর ভরাট করে চলছে মার্কেট নির্মাণ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পটুয়াখালী-৩ (গলচিপা-দশমিনা) আসনের সাংসদ গোলাম মাওলার নির্দেশে নদীর তীর ভরাট করে ওই মার্কেট নির্মাণের কাজ চলছিল। এরপর গলাচিপার উলানিয়া বন্দরের পাশে রণগোপালদী নদীর তীর ভরাট করে ওই জায়গা বন্দোবস্ত দেওয়ার পাঁয়তারা চালাচ্ছেন সাংসদের অনুসারীরা—এমন তথ্যের ভিত্তিতে গত বছরের ৬ সেপ্টেম্বর ইশরাত হোসেন সেখানে তথ্য সংগ্রহ করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে গোলাম মাওলার অনুসারীরা গত বছরের ৮ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ইশরাত হোসেনের বিরুদ্ধে গলাচিপা থানায় পরপর চারটি মামলা করেন। এর মধ্যে তিনটি মামলায় সাইমুন রহমানকেও আসামি করা হয়।