চার মামলায় জামিন পেলেন প্রথম আলো সম্পাদক
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে করা পৃথক তিনটি মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নিজামুল হক ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে গত রোববার অপর মামলায় নিম্ন আদালত থেকে জামিন পান মতিউর রহমান। এর মাধ্যমে একই ধরনের অভিযোগে করা চারটি মামলায় প্রথম আলো সম্পাদক জামিন পেলেন।
গতকাল আদালতে উপস্থিত হয়ে প্রথম আলো সম্পাদক আগাম জামিনের আবেদন জানান। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা ও আফতাব উদ্দিন ছিদ্দিকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
প্রসঙ্গত, ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর তারিখে আলপিনে প্রকাশিত একটি কার্টুন, ২০১৩ সালের ১১ মার্চ তারিখে রস আলোতে প্রকাশিত একটি লেখা, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনলাইনের একটি ছবি প্রকাশের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতের একই অভিযোগ এনে দেশের চার জেলায় চারটি মামলা হয়। এর মধ্যে ঢাকা ও কুড়িগ্রামে ২ অক্টোবর এবং ঝালকাঠি ও বরিশালে ৯ অক্টোবর পৃথক মামলা হয়।
ঢাকার মামলায় ৯ নভেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন পান প্রথম আলো সম্পাদক। আদালতে তাঁর পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার, প্রশান্ত কুমার কর্মকার, ওমর ফারুক আসিফ ও জাকির হোসেন।
আর বরিশাল, কুড়িগ্রাম ও ঝালকাঠিতে দায়ের হওয়া অপর তিন মামলায় গতকাল হাইকোর্ট থেকে জামিন পান প্রথম আলো সম্পাদক।