চার মামলায় দুদু ও পাঁচ মামলায় রিজভীর জামিন বহাল
নাশকতার চার মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু এবং পাঁচ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে এক মামলায় রিজভীর জামিন স্থগিত করেছেন সর্বোচ্চ আদালত।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালতে বিএনপির এ দুই নেতার পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন, মাহবুব উদ্দিন খোকন ও সগীর হোসেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।
গত ৭ জুলাই হাইকোর্টের একটি বেঞ্চ নাশকতার আট মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে এবং সাত মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুকে অন্তর্বর্তী জামিন দেন। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের কার্যতালিকায় রুহুল কবির রিজভীর আটটি ও শামসুজ্জামান দুদুর চারটি আবেদন শুনানির জন্য আসে।
আদেশের পর সগীর হোসেন প্রথম আলোকে বলেন, রাজধানীর বিভিন্ন থানার পাঁচ মামলায় রুহুল কবির রিজভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। খিলগাঁও থানার একটি মামলায় তাঁর জামিন স্থগিত করা হয়েছে। বাকি দুটি মামলার বিষয়ে আগামী সপ্তাহে শুনানি হবে। তিনি আরও বলেন, পল্টন থানার চার মামলায় শামসুজ্জামান দুদুর জামিন বহাল রাখা হয়েছে।
বিএনপির এ দুই নেতার আইনজীবীদের সঙ্গে গতকাল কথা বলে জানা গেছে, আরও মামলা থাকায় তাঁরা এখনই মুক্তি পাচ্ছেন না।