চার মামলায় নিজামীসহ জামায়াতের ছয় নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথক চারটি মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয় নেতার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পাশাপাশি কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।তাঁদের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম আবদুল হাকিম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেন। অন্যরা হলেন, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, কাদের মোল্লা ও ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খান। সূত্র জানায়, হরতাল চলাকালে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে ২৬ ও ২৭ জুন রমনা ও নিউমার্কেট থানায় পৃথক মামলা হয়। মিছিলে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ১২ ফেব্রুয়ারি কামারুজ্জামান ও কাদের মোল্লার বিরুদ্ধে পল্টনে একটি মামলা হয়। একই অভিযোগে নিজামী, মুজাহিদ ও সাঈদীর বিরুদ্ধে গত ২০ জুন পল্টন থানায় মামলা হয়। এসব মামলায় গতকাল তাঁদের জামিন আবেদন মঞ্জুর করা হয়।অসীমের আগাম জামিন: প্রধান বিচারপতির বাসার সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় করা মামলায় বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক নাসিরউদ্দিন আহমেদ অসীমের ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।গতকাল দুপুরে নাসিরউদ্দিন আহমেদ হাইকোর্টে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিনের আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মো. রেজাউল হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন।