চার মাস ধরে কয়লা উত্তোলন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনিতে চার মাস ধরে কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। চার মাস আগে খনির একটি ফেজে হঠাৎ পানি ঢুকে পড়ায় উত্তোলন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
কয়লাখনির কর্মকর্তা সূত্র জানান, গত ১০ জুন বড়পুকুরিয়া কয়লাখনির ১২০৫ নম্বর ফেজটিতে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। ওই ফেজের মাধ্যমে চলছিল কয়লা উত্তোলনের কাজ। কিন্তু ফেজটিতে ২০ জুন হঠাৎ পানি ঢুকে পড়ে। ফলে কারিগরি ত্রুটি দেখা দেয়। এ সময় খনি সুড়ঙ্গে পানির প্রবাহ বেড়ে যাওয়ায় ওই পথে যাতায়াত অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় কয়লা উত্তোলন সম্পূর্ণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (জিএম) সিরাজুল ইসলাম গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়লা উৎপাদন স্বাভাবিক রাখতে নতুন কোল ফেজ (১২১২) তৈরির কাজও শুরু করেছেন চীনা বিশেষজ্ঞরা।
মাইনিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক হাবিবউদ্দিন আহমেদ জানান, আগামী নভেম্বরের মধ্যে এই খনিতে কয়লা উত্তোলন স্বাভাবিক হবে। নতুন ফেজ তৈরি হচ্ছে। ওই ফেজের মাধ্যমে পুনরায় উৎপাদনে যাবে খনিটি।
উৎপাদন বন্ধ থাকায় ক্ষতি হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, বাজারজাত করতে খনি প্রাঙ্গণে প্রচুর কয়লার মজুত রয়েছে। তা ছাড়া কয়লা উত্তোলন না হওয়া মানে ক্ষতি নয়।