চার মাস ধরে খোঁড়াই হচ্ছে ভোগান্তিতে এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাস্তা বন্ধের সাইনবোর্ড লাগিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উন্নয়নকাজ চলছে, তাই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা। বন্ধ সেই রাস্তা দিয়েই চলছেন এলাকাবাসী। ছবিটি জিগাতলার মনেশ্বর রোড থেকে মঙ্গলবার তোলা l প্রথম আলো
রাস্তা বন্ধের সাইনবোর্ড লাগিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। উন্নয়নকাজ চলছে, তাই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা। বন্ধ সেই রাস্তা দিয়েই চলছেন এলাকাবাসী। ছবিটি জিগাতলার মনেশ্বর রোড থেকে মঙ্গলবার তোলা l প্রথম আলো

রাজধানীর জিগাতলা এলাকার মনেশ্বর রোডে চার মাসের বেশি সময় ধরে খোঁড়াখুঁড়ি চলায় এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রথমে ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সড়কটিতে নতুন পাইপ বসানোর কাজ করে। এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) পানি নিষ্কাশনের পাইপ বসাচ্ছে।
গত মঙ্গলবার দেখা যায়, মৌলভী সালেক রোড মোড় থেকে মনেশ্বর রোড হয়ে ট্যানারি মোড় পর্যন্ত সড়কে বড় বড় গর্ত খোঁড়া হয়েছে। শ্রমিকেরা কয়েকজন গর্তে পানি নিষ্কাশনের পাইপ নামানোর কাজ করছেন, কয়েকজন নতুন গর্ত খুঁড়ছেন। শুষ্ক মৌসুমেও গাবতলা বড় মসজিদের সামনের সড়ক কাদাপানিতে সয়লাব আছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের শেষের দিকে মনেশ্বর রোড, পোস্ট অফিস রোড, শেরেবাংলা রোড, ট্যানারি মোড় এলাকার সড়কগুলোতে ওয়াসা খোঁড়াখুঁড়ি চালায়। ওয়াসার খোঁড়া শেষ না হতেই সিটি করপোরেশন পুরো সড়ক বন্ধ করে পাইপ বসানোর কাজ শুরু করেছে।
ওয়াসা সূত্র জানায়, ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্টের’ অংশ হিসেবে জিগাতলা এলাকার রাস্তা কাটা হয়েছিল। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এ প্রকল্পের অধীনে পুরো ঢাকা শহরের পুরোনো পানির পাইপ সরিয়ে নতুন পাইপ বসানো হচ্ছে। মনেশ্বর রোডে ওয়াসার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
ওয়াসার খোঁড়া গর্ত ভরাট করে দেওয়া বালি সরে যাওয়ায় যান চলাচলে সমস্যা হচ্ছিল। এর মধ্যেই ডিএসসিসি পুরো সড়কে যানবাহন চলাচল বন্ধ রেখে পাইপ বসানোর কাজ শুরু করে। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, অত্যন্ত ধীরগতিতে চলায় কাজ শেষ হতে দেরি হচ্ছে। বর্ষা আসার আগে কাজ শেষ না হলে ভোগান্তি চরমে উঠবে।
মনেশ্বর রোডের নিমন্ত্রণ টেইলার্সের স্বত্বাধিকারী মো. মামুন বলেন, ‘জিগাতলা যাওয়া-আসার প্রধান এই সড়কটি প্রতিদিন বহু মানুষ ব্যবহার করে। এমন ব্যস্ত সড়কটি চার মাসের বেশি সময় ধরে কীভাবে বন্ধ থাকে! দোকানের সামনে ময়লা পানি থাকায় লোকজন আসতে চায় না।’
সড়কের কয়েক জায়গায় পাইপ বসানোর জন্য খোঁড়া বড় গর্ত খোলা পড়ে থাকতে দেখা যায়। সড়কটিতে ফুটপাত না থাকায় পথচারীদের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবড়োখেবড়ো সড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।
মনেশ্বর রোডের বাসিন্দা নায়েব আহমেদ বলেন, চার-পাঁচ মাসের বেশি সময় ধরে এমন খোঁড়াখুঁড়ি চলছে। একই সড়কে একবার ডান পাশ কাটে, কয়েক দিন পরে আবার বাম পাশ কাটে। পুরো এলাকার অবস্থাই এমন। রাস্তাঘাটে চলার কোনো উপায় নেই।
এলাকাটি ডিএসসিসির ১৪ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। ওয়ার্ড কাউন্সিলর মো. সেলিম প্রথম আলোকে বলেন, ‘ব্যস্ত সড়কটি এত দিন ধরে বন্ধ থাকায় এলাকাবাসীর খুব ভোগান্তি হচ্ছে। নতুন পাইপ বসানোর কাজটা ধীর হয়ে গেছে। ঠিকাদার প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে কয়েকবার কথা বলেছি। তাগাদা দিয়েছি দ্রুত কাজ শেষ করতে। এ মাসের মধ্যে সড়ক ঢালাই পর্যন্ত সব কাজ শেষ করা হবে।’