আর্থিক সংকটের কারণে খুলনা হার্ডবোর্ড মিলের উৎপাদন চার মাস ধরে বন্ধ রয়েছে৷ বেতন না পাওয়ায় বিপাকে পড়েছেন শ্রমিকেরা৷ এদিকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় গত ১ জুন মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)৷ শ্রমিক ও হার্ডবোর্ড ডিলার অ্যাসোসিয়েশন এ অবস্থার জন্য মিল কর্তৃপক্ষকেই দায়ী করছে৷
ওই মিল সূত্রে জানা গেছে, ভৈরব নদের তীরে শিল্প নগর খালিশপুরের চরেরহাটে ১৯৬৫ সালে খুলনা হার্ডবোর্ড মিলটি স্থাপন করা হয়৷ ২০০২ সালের ১৫ ডিসেম্বর মিলটি বন্ধ হয়ে যায়৷ ২০০৫ সালের ১৪ সেপ্টেম্বর মিলটি আবারও চালু হয়৷ ২০১১ সালে আবারও মিলটি বন্ধ হয়ে যায়৷ মিলটি চালুর জন্য সরকারের কাছে ৫৪ কোটি টাকা চাওয়া হয়৷ কিন্তু শর্ত সাপেক্ষে দেওয়া হয় মাত্র ১০ কোটি টাকা৷
এ অবস্থায় গত ২৩ ফেব্রুয়াির মিলের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ অস্থায়ী কর্মচারীদের ডেকে ২৪ ফেব্রুয়াির থেকে মিলে না আসার জন্য বলে দেন৷ সেই সঙ্গে গত বছরের নভেম্বর মাসের ২৫ দিনের বেতন ছাড়া এ পর্যন্ত আর কোনো বেতন দেওয়া হবে না বলেও শ্রমিকদের জানানো হয়৷ ওই সময় মিলে প্রায় ৭০ লাখ টাকার কাঠ মজুদ ছিল৷ তা দিয়ে মিলটি অন্তত ছয় মাস চালিয়ে রাখা যেত৷ কিন্তু ফার্নেস অয়েল না থাকায় ওই কাঠও আর কোনো কাজে আসছে না৷ এদিকে গত সাত মাসে প্রায় ৩৫ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ওজোপাডিকো ১ জুন মিলের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেয়৷
চার মাস ধরে বেতন না পাওয়ায় মিলের শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছেন৷ তাঁদের সন্তানদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে৷
হার্ডবোর্ড মিল এমপ্লিয়জ ইউনিয়নের সভাপতি মশিউর রহমান অভিযোগ করেন, মূলত সরকারের দেওয়া ১০ কোটি টাকার হিসাব না দেওয়ার কারণেই মিলের ব্যবস্থাপনা পরিচালক চক্রান্ত করে মিলটি বন্ধ করে দিয়েছেন৷
খুলনা বিভাগীয় হার্ডবোর্ড ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম মনির হোসেন বলেন, কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্ত ও দুর্নীতি-অনিয়মের কারণেই মিলটি বন্ধ হয়ে গেছে৷ এ ছাড়া গত তিন বছরে কাঠসহ কাঁচামালের মূল্য বেড়েছে ৩৫ থেকে ৪০ শতাংশ, সেখানে সরকারি ও মিলের হার্ডবোর্ডের মূল্য বাড়ানো হয়েছে ১০৫ শতাংশ৷ বাজার মূল্যের চেয়েও বেিশ দাম নির্ধারণ করায় মিলের হার্ডবোর্ড প্রতিযোগিতায় টিকতে পারছে না৷
এসব অভিযোগ অস্বীকার করে মিলের ব্যবস্থাপনা পরিচালক কাজী রুহুল আমিন বলেন, ‘এই মুহূর্তে মিলের ভবিষ্যৎ সম্পর্কে আমার কিছু জানা নেই৷ শ্রমিক ও ডিলারদের অভিযোগ সঠিক নয়৷ যেখানে মন্ত্রী বলে দিয়েছেন, কাজ থাকলে শ্রমিকেরা টাকা পাবে, আর না থাকলে পাবে না৷ সেখানে তাদের সমস্যা থাকার কথা নয়৷’