সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ট্রাস্টের (বাংলাদেশ) ১০০ কর্মী চার মাস ধরে বেতন পাচ্ছেন না। সর্বশেষ বেতন পেয়েছিলেন ফেব্রুয়ারি মাসে। কর্তৃপক্ষ বলছে, প্রতিষ্ঠানের আয়ের চেয়ে ব্যয় বেশি, তাই বেতন পরিশোধ করা সম্ভব হচ্ছে না। কর্মীরা এ অজুহাত মানতে নারাজ।
ট্রাস্টের একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরেই বেতন অনিয়মিত ছিল। কিন্তু চার মাস ধরে একেবারে বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।
ট্রাস্টে কর্মরত ব্যক্তিরা জানিয়েছেন, সর্বশেষ ২০১৫ সালের স্কেলে মূল বেতনসহ পূর্ণ বেতন পেয়েছেন তাঁরা গত বছরের জানুয়ারিতে। কর্তৃপক্ষ আর্থিক সংকটের কথা বলে গত বছরের জুন পর্যন্ত শুধু বেসিক বা মূল বেতন নিতে বলে। জুলাই মাস থেকে সবাই বকেয়া পরিশোধসহ পূর্ণ বেতন পাবেন বলে জানানো হয়। কিন্তু তার বাস্তবায়ন হয়নি। বেতন সমস্যার সমাধান না করে কর্তৃপক্ষ একপর্যায়ে কর্মীদের প্রতিষ্ঠান থেকে ঋণ নিতে বাধ্য করে। পরে তা বেতনের সঙ্গে সমন্বয় করা হয়। বর্তমানে মূল বেতন দেওয়াও বন্ধ।
বিষয়টি নিয়ে কর্মীরা একাধিকবার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের সঙ্গে দেখা করেছেন। কিন্তু বিষয়টির কোনো সুরাহা হয়নি। চলতি মাসের মধ্যে বকেয়াসহ পূর্ণ বেতন পরিশোধ করা না হলে কর্মীরা কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না করায় এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকায় ট্রাস্টের নির্বাহী পরিচালকের অপসারণ দাবি করেছেন কর্মীরা।
সংযুক্ত আরব আমিরাতের তৎকালীন আমির শেখ জায়েদ বিন সুলতান আল-নাহিয়ান ১৯৮৪ সালে বাংলাদেশ সফরে আসেন। পরে সরকারের সঙ্গে কার্যবিবরণী সইয়ের মাধ্যমে এ ট্রাস্ট গঠন করা হয়। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের গঠিত ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এটি পরিচালিত হচ্ছে। ট্রাস্টের অধীনে মিরপুরের শিশু পরিবার (১৮ বছর বয়স পর্যন্ত ২০০ এতিম মেয়ের আবাসন) এবং উচ্চমাধ্যমিক বিদ্যালয়টি ছাড়াও লালমনিরহাটে আরেকটি শিশু পরিবার (২০০ মেয়েশিশুর আবাসন) ও একটি প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হচ্ছে। বিদ্যালয়, শিশু পরিবার এবং রাজধানীর বনানীতে ট্রাস্টের অফিসের কর্মচারীরা বেতন সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে।
গত বছরের ডিসেম্বরে ট্রাস্টি বোর্ডের এক সভায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জিল্লার রহমান ট্রাস্টের কর্মচারীদের বেতন সমস্যার সমাধান না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন এবং ট্রাস্টের নির্বাহী পরিচালক ওমর ফারুক চৌধুরীকে দ্রুত সমস্যা সমাধানের নির্দেশ দেন।
ট্রাস্টের নির্বাহী পরিচালক কে বি এম ওমর ফারুক চৌধুরী (সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব) প্রথম আলোকে বলেন, প্রতিষ্ঠানে আয়ের চেয়ে ব্যয় বেশি। ট্রাস্টের সর্বোচ্চ আয় ১৬ থেকে ১৭ লাখ, আর খরচ হচ্ছে ২৪ থেকে ২৫ লাখ টাকা। ২০১৫ সালের নতুন বেতন স্কেলে রাতারাতি কর্মীদের বেতন অনেক বেড়ে গেছে। আগে যেখানে বেতনের পেছনে সর্বোচ্চ খরচ হতো ১০ লাখ টাকা, এখন তা দ্বিগুণ হয়ে গেছে।
ট্রাস্টের বিভিন্ন নথিতে উল্লেখ করা হয়েছে, লালমনিরহাট শিশু পরিবার ৫ একর জায়গায়, আর মিরপুরের শিশু পরিবার ২ দশমিক ৭০ একর এলাকায় অবস্থিত। ট্রাস্টের অধীনে রাজধানীর বনানীতে ফ্ল্যাট (১২টি) এবং ইউএই মৈত্রী শপিং কমপ্লেক্স আছে। ট্রাস্টের দোকান এবং ফ্ল্যাটের ভাড়া বর্তমান বাজার ও চাহিদা অনুযায়ী অপ্রতুল বলেও ট্রাস্টের বিভিন্ন নথিতে উল্লেখ করা আছে। তবে কর্মরত ব্যক্তিরা বলছেন, ট্রাস্টি বোর্ডের সদস্যরা কখনোই ট্রাস্টের আয় বাড়ানোর বিষয়টিতে নজর দেন না।
গত বছরের ৩ নভেম্বর অনুষ্ঠিত ট্রাস্টের সভার কার্যবিবরণীতে বলা হয়েছে, ট্রাস্টের কর্মকর্তা ও কর্মচারীদের নতুন স্কেলে বেতন পেতে হলে ট্রাস্টের আয় বাড়াতে হবে। তাৎক্ষণিকভাবে আয় বাড়ানোর জন্য মিরপুরের আল-নাহিয়ান উচ্চবিদ্যালয়ে বর্তমানে যে সংখ্যক বহিরাগত ছাত্রছাত্রী আছে, তার দ্বিগুণ, অর্থাৎ প্রায় ৪৫০ জন নতুন শিক্ষার্থী ভর্তি করতে হবে।
ওমর ফারুক চৌধুরী বলেন, ট্রাস্টের আয় বাড়ানোর জন্য মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিবদের সঙ্গে কথা চলছে, খুব দ্রুত অবস্থার পরিবর্তন হবে।