চার মাস ধরে সংস্কারকাজ, এলাকাবাসীর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দমা, সড়ক আর ফুটপাত সংস্কারের কাজে চার মাস ধরে লালমাটিয়ার একটি সড়কের অবস্থা বেহাল। চলাচলে ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত শেষ হোক সংস্কারকাজ।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা যায়, গত বছরের ১ নভেম্বর লালমাটিয়ার এ-ব্লক থেকে বি-ব্লকের ৭/১এ পর্যন্ত ৬০৩ মিটার এলাকায় সড়ক, নর্দমা আর ফুটপাত উন্নয়নের কাজ শুরু করে তারা। এ সময় রাস্তার জায়গায় জায়গায় খুঁড়ে নতুন পয়োনালার পাইপ বসানো হয়। সংস্কারকাজের সময়সীমা ধরা হয়েছিল এ বছরের ১ মার্চ পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, পুরো রাস্তাটি উঁচুনিচু, ভাঙাচোরা। সুরকি দিয়ে গর্ত ভরাট করা হয়েছে। ১২ মিটার পরপর নতুন ম্যানহোল আর স্ল্যাব বসেছে। এগুলো মূল সড়কের চেয়ে বেশ কয়েক ইঞ্চি উঁচু। ঝাঁকি খেতে খেতে চলছে রিকশা-গাড়ি। গতকাল নতুন করে ইটের খোয়া বিছানোর কাজ চলছিল। ধুলায় কারণে নাক চেপে হাঁটছিল পথচারীরা।