চার মাস ধরে ৩৫০টি টেলিফোন বিকল
গাজীপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক কেবিনেটের সাড়ে তিন শ টেলিফোন লাইন চার মাস ধরে অকেজো। বারবার অভিযোগ করেও লাইন মেরামত করার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না কর্মকর্তাদের। উল্টো লাইন ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছে বিটিসিএল কর্তৃপক্ষ। সংযোগ না থাকায় ভোগান্তিতে রয়েছেন বিভিন্ন কলকারখানা, ব্যাংক-বিমাসহ আবাসিক গ্রাহকেরা।
বিটিসিএল সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা-চৌরাস্তার প্রায় আধা কিলোমিটার দক্ষিণে শহীদ হুরমত আলীর কবরের দক্ষিণ পাশে বিটিসিএলেরএকটি কেবিনেট রয়েছে। চার-পাঁচ মাস আগে আওয়ামী লীগের এক নেতা ওই কেবিনেটের ওপর স্তূপ আকারে বালু ফেলে রাখেন। ওই বালুর পানি চুইয়ে ও ময়লা গিয়ে কেবিনেটটি বিকল হয়ে যায়। অকেজো হয়ে যায় ওই কেবিনেট থেকে বিভিন্ন এলাকায় যাওয়া সাড়ে তিন শ টেলিফোন লাইন।
ওই নেতাহলেন গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক ভিপি ও আওয়ামী লীগের নেতা আফজাল হোসেন ওরফে রিপন সরকার। তিনি ওই কেবিনেটটির পাশে বহুতল ভবন নির্মাণ করছেন। অন্য পাশে খালি জায়গা থাকলেও সেখানে বালুসহ অন্যান্য নির্মাণসামগ্রী না রেখে বিটিসিএলের কেবিনেটের ওপর রেখেছেন।
এ ব্যাপারে আফজাল হোসেন বলেন, ‘যেখানে টেলিফোন বক্সটি রয়েছে, সেটি আমার জায়গা। বক্সটির জন্য কাজ করতেও সমস্যা হচ্ছে। একাধিকবার কর্মকর্তাদের বক্সটি সরিয়ে নিতে বললেও তাঁরা সরিয়ে নিচ্ছেন না।’
গাজীপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের এক গ্রাহক বলেন, অকেজো লাইনের ব্যাপারে সংশ্লিষ্ট লাইনম্যান ও গাজীপুর বিটিসিএল কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. খায়রুল আলমের কাছে একাধিকবার অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি। উপরন্তু তিনি তাঁকে লাইন ছেড়ে দেওয়ার পরামর্শ দেন।
ভোগড়া এলাকার ব্যবসায়ী হাসান মিয়া বলেন, দিন দিন ল্যান্ডফোনের গ্রাহক কমে যাচ্ছে। সবাই মুঠোফোনের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। এ অবস্থায় ল্যান্ডফোনের কর্মকর্তারা গ্রাহকদের সেবা না দিয়ে উল্টো লাইন ছেড়ে দেওয়ার পরামর্শ দিচ্ছেন। এটা দুঃখজনক।
জানতে চাইলে প্রকৌশলী খায়রুল আলম গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বাজেট না থাকায় কেবিনেটটি সরিয়ে নেওয়া যাচ্ছে না। বাজেট পেলে সেটি সরিয়ে অন্য জায়গায় স্থাপন করা হলে বিচ্ছিন্নকৃত লাইনগুলো চালু হয়ে যাবে।’ গ্রাহকদের লাইন ছেড়ে দেওয়ার পরামর্শ প্রসঙ্গে তিনি বলেন, ‘কী করব বলেন, লাইন ঠিক করতে পারি না। অফিসে তার নেই, বরাদ্দ নেই। যার কারণে গ্রাহকদের লাইন ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছি।’