চার মাস না যেতেই সড়কের এই হাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর এলাকার রামকৃষ্ণ আশ্রমের সামনে থেকে ধোপাখালীর স্লুইসগেট পর্যন্ত সড়কের সংস্কারকাজ হয়েছিল চার মাস আগে। কিন্তু চার মাস যেতে না যেতেই সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত আর খানাখন্দের। এতে বৃষ্টির সময় চলাফেরায় ভোগান্তি পোহাচ্ছে পথচারীরা। স্থানীয় সূত্র জানায়, ষোলঘর, সরকারি কলোনি, বিলপাড়, মুহামঞ্চদপুর, আলীপাড়া, নবীনগর ও বনানীপাড়া এলাকার লোকজন এ সড়ক দিয়ে শহরে যাতায়াত করে। এ সড়ক দিয়ে দোয়ারাবাজার উপজেলার যান চলাচল ও সদর উপজেলার সুরমা নদীর উত্তরপাড়ের তিনটি ইউনিয়নের লোকজন জেলা শহরে আসা-যাওয়া করে। গত ফেব্রুয়ারি-মার্চে এ সড়কের সংস্কারকাজ করা হয়। কিন্তু চার মাস না যেতেই সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। সড়কের ষোলঘর মোড়ের অবস্থা খুবই নাজুক। এখানে পিচ ওঠে গিয়ে বেশ কিছু গর্তের সৃষ্টি হওয়ায় বৃষ্টি হলেই পানি জমে থাকে। এ মোড় থেকে ধোপাখালী পর্যন্ত খানাখন্দ বেশি। বৃষ্টির দিনে এ সড়ক দিয়ে চলাচলে মারাত্মক ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। ষোলঘর এলাকার কলেজছাত্র এহসানুজ্জামান বলেন, একটা সড়ক চার মাসও টিকল না, এটা কেমন কথা। কাজের মান ভালো হলে তো এমনটা হওয়ার কথা নয়। ষোলঘর মোড়ের এক দোকানি বলেন, ‘বৃষ্টি হইলে এখানে যেভাবে পানি জমে, রীতিমতো মাছের চাষ করা যাইব।’ সুনামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ ইয়াছিনুর রশিদ বলেন, ‘কাজের মান ভালো হয়নি। যাঁরা কাজের তদারকিতে ছিলেন, তাঁদের চরম গাফিলতি ছিল।’ এ কাজের তদারকির দায়িত্বে ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী কালীকৃষ্ণ পাল। তিনি জানান, কাজ গত ফেব্রুয়ারি-মার্চে হয়েছে। যেসব স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে, তা মেরামত করে দেওয়া হবে। ঠিকাদার ফখরুল ইসলাম বলেন, ‘বৃষ্টি হচ্ছে বিটুমিনের শত্রু। সড়কের ওপর পানি জমে থাকার কারণেই এটা হয়েছে। বৃষ্টি শেষ হয়ে গেলে আবার সড়ক মেরামত করে দেওয়া হবে।’ সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল বলেন, ‘সুনামগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় বিটুমিনের কাজ টিকে না। সামান্য বৃষ্টিতেই নষ্ট হয়ে যায়। আমরা এখনই ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে দিতে পারি। কিন্তু সেটিও টিকবে না। বর্ষা শেষ হলে ঠিকাদারই সড়ক মেরামত করে দেবেন।’