চার মাস নিখোঁজ থাকলেও ঈদের আগের দিন জিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় সন্দেহভাজন জঙ্গি নিহত আবির রহমান (২২) চার মাস ধরে নিখোঁজ ছিলেন। তবে তাঁর নিখোঁজ থাকার বিষয়ে পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয় ঈদের আগের দিন। রাজধানীর ভাটারা থানায় এ জিডি করা হয়। পরদিন ফেসবুক ও গণমাধ্যমে ছবি দেখে স্বজনেরা জানতে পারেন, শোলাকিয়ায় নিহত হয়েছেন আবির। এখন তাঁদের প্রশ্ন, এই চার মাস কোথায় ছিল ছেলেটি?
বাবা-মায়ের সঙ্গে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকতেন আবির রহমান। বাবার নাম সিরাজুল ইসলাম। তিনি পেশায় ব্যবসায়ী। ঠিকাদারি করেন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট আবির নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিবিএ পড়তেন। এর আগে তিনি ‘ও’ লেভেল, ‘এ’ লেভেল সম্পন্ন করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালে (বিআইটি)। আবিরদের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলায়।
ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদ জামাতের মাঠের কাছে পুলিশ ও হামলাকারীদের গোলাগুলির মধ্যে নিহত হন আবির। তাঁর লাশের কাছেই একটি চাপাতি পড়ে থাকতে দেখা যায়। তাঁর ঢোলা পোশাকে অস্ত্র রাখার ‘বিশেষ পকেট’ ছিল।
আবিরের বিষয়ে জানতে চাইলে ঢাকার ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোত্তাকিন প্রথম আলোকে বলেন, ‘কিশোরগঞ্জে হামলাকারী ছেলেটি আবির। গত মার্চ থেকে তিনি নিখোঁজ। তবে আবিরের পরিবার ৬ জুলাই থানায় এসে জিডি করে। ঘটনার পর আমরা তাঁর পরিবারের সাথে কথা বলেছি। বাসায় গিয়ে আবিরের ব্যবহার করা একটা আইপ্যাড ও ফোন উদ্ধার করেছি। ঘটনার তদন্ত চলছে।’
আবিরের বাবা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আবির চুপচাপ ধরনের ছেলে ছিল। ছোটবেলা থেকেই নামাজ পড়ত। একজন মুসলমান হিসেবে এটা স্বাভাবিকই মনে হয়েছে আমাদের কাছে। কখনো ওর আচরণে অস্বাভাবিকতা লক্ষ করিনি। তবে ওর বন্ধুবান্ধব একেবারেই ছিল না।’ তিনি বলেন, ‘মার্চ মাসের ১ তারিখ থেকে সে নিখোঁজ। আমাদের বলেছিল পড়াশোনা করতে মালয়েশিয়ায় যাবে। আমি বলি, তোমার দুই ভাই অস্ট্রেলিয়ায় থাকে, পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়ায় যাও। কিন্তু সে মানতে চায়নি। এ নিয়ে বাগ্বিতণ্ডা হয়। পরে বাড়ি থেকে বেরিয়ে যায়।’
চার মাসেও থানা-পুলিশকে জানাননি কেন জানতে চাইলে আবিরের বাবা বলেন, ‘ভেবেছিলাম রাগ করে মালয়েশিয়ায় চলে গেছে, ফিরে আসবে। গুলশানে রেস্তোরাঁয় হামলার ঘটনার পর ওই ছেলেগুলোর বর্ণনা জেনে সন্দেহ হয়। তারপর জিডি করি। আমার নিজেরও প্রশ্ন, এই চার মাস কোথায় ছিল আবির? কারা তাকে এ পথে আনে? এগুলো খুঁজে বের করুক পুলিশ।’
সিরাজুল ইসলাম বলেন, ফেসবুক ও গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে তিনি জানতে পারেন যে আবির শোলাকিয়ায় মারা গেছেন।
আবিরের বাবা বলেন, ‘আর কোনো বাবা-মাকে যেন এমন পরিস্থিতিতে পড়তে না হয়। সব বাবা-মায়ের কাছে আহ্বান, সন্তানদের খোঁজ নিন। কোথায় যায়, কী করে খোঁজ নিন।’