চার মাস পর কবর থেকে লাশ উত্তোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৃত্যুর চার মাস পর গতকাল মঙ্গলবার জয়পুরহাটের পৌর কবরস্থান থেকে ময়নাতদন্তের জন্য এক গৃহবধূর লাশ তোলা হয়েছে। যৌতুকের দাবিতে ওই গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগে তাঁর বাবার করা মামলার পরিপ্রেক্ষিতে লাশটি তোলা হয়।
নিহত গৃহবধূর নাম জেসমিন। তাঁকে হত্যার অভিযোগে স্বামীসহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার এজাহার থেকে জানা গেছে, ২০০৩ সালে জয়পুরহাট পৌর সদরের রূপনগর এলাকার মাহবুবুর আলমের সঙ্গে বুলুপাড়া গুচ্ছগ্রামের জালাল উদ্দিন শেখের মেয়ে জেসমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুক চেয়ে প্রায়ই জেসমিনকে মারধর করা হতো। একই কারণে চলতি বছরের ২ মার্চ বেলা ১১টার দিকে মাহবুব তার বড় ভাই ও দুই ভাবিকে নিয়ে স্ত্রী জেসমিনকে মারধর করে। তারা জেসমিনের গায়ে তরল জাতীয় পদার্থ ছিটিয়ে আগুন দেয়। এতে জেসমিন দগ্ধ হলে তাঁকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ মার্চ জেসমিন মারা যান।
এ ঘটনায় জেসমিনের বাবা জালাল উদ্দিন শেখ তাঁর মেয়েকে পুড়িয়ে হত্যার অভিযোগে ১০ মে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১-এ নালিশ দাখিল করেন। ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ কে এম জুলফিকার আলী বাদীর জবানবন্দি নিয়ে মামলাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গণ্য করে তদন্তের নির্দেশ দেন। এ মামলায় জেসমিনের স্বামী মাহবুব, তাঁর বড় ভাই মিলন হোসেন ও তাঁর স্ত্রী হেলেনা বেগম এবং মাহবুবের আরেক ভাবি আকলিমা বেগমকে আসামি করা হয়।
তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুর আলম জানান, আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের উপস্থিতিতে গতকাল বিকেলে পৌরসভার সরকারি কবরস্থান থেকে জেসমিনের লাশ তোলা হয়।