চার মাস পর গ্যাস সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার মাসের বেশি সময় পর নরসিংদীর পলাশ ও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পলাশ সার কারখানায় গতকাল বুধবার দুপুর থেকে উৎপাদনও শুরু হয়েছে। দু-তিন দিনের মধ্যে ঘোড়াশাল কারখানাও উৎপাদনে যাবে বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
কারখানা দুটির প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ৮ এপ্রিল থেকে পলাশ ও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় পেট্রোবাংলা। চার মাসের বেশি সময় পর ১৫ আগস্ট থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। ঘোড়াশাল ইউরিয়া সার কারখানায় দৈনিক উৎপাদন ক্ষমতা এক হাজার ২২২ টন এবং পলাশ ইউরিয়া সার কারখানার ৩০৫ টন। চলতি অর্থবছরে ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার উৎপাদনের লক্ষ্যমাত্রা দুই লাখ ৫০ হাজার টন এবং পলাশ কারখানার লক্ষ্যমাত্রা ৮০ হাজার টন। তবে চার মাস বন্ধ থাকায় এ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে না।
পলাশ ইউরিয়া সার কারখানার সিবিএ সভাপতি হুমায়ন কবির ও ঘোড়াশাল ইউরিয়া সার কারখানা সিবিএ সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া জানান, কারখানা দুটি উৎপাদনে গেলে বিদেশ থেকে সার আমদানি খাতে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হবে। কারণ, আমদানির ক্ষেত্রে টনপ্রতি সরকারকে ২৭ হাজার ২৮৭ টাকা ভর্তুকি দিতে হচ্ছে। গতকাল বেলা দেড়টা থেকে পলাশ কারাখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে।
ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার মহাব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) অমর কুমার বিশ্বাস বলেন, ‘দু-তিন দিনের মধ্যে এ কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হবে। তবে উৎপাদন বন্ধ থাকায় চলতি অর্থবছরে আমাদের কারখানার উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় দেখা দিয়েছে।’