চার মাস সাত দিন স্থগিত থাকার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র সংসদের কার্যক্রম আবার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল শনিবার একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। ছাত্রদলের কর্মী আবিদুর রহমান খুনের পর গত ২২ অক্টোবর ক্যাম্পাসে ছাত্ররাজনীতি ও ছাত্র সংসদের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।তবে সীমিত আকারে সংসদের কার্যক্রম চালুর সিদ্ধান্ত হলেও ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানা গেছে। আগামী মার্চ থেকে সংসদের কার্যক্রম চালু হবে।বিষয়টি স্বীকার করে চমেক একাডেমিক কাউন্সিলের সদস্য সহকারী অধ্যাপক নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘দীর্ঘদিন পর আমরা একাডেমিক কাউন্সিলে ছাত্র সংসদের কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছি। তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ওই কমিটি সার্বক্ষণিক কার্যক্রম পর্যবেক্ষণ করবে। তবে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি উন্মুক্ত করার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’প্রসঙ্গত, গত ২১ অক্টোবর চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদলের কর্মী আবিদুর রহমান প্রতিপক্ষ ছাত্রসংগঠনের নেতাদের মারধরে খুন হন। এ ঘটনার পর ছাত্রলীগের ২২ জন নেতার বিরুদ্ধে মামলা হয়। তাঁরা সবাই ছাত্র সংসদ ও কলেজ ছাত্রলীগের নেতা। খুনের ঘটনার পর একাডেমিক কাউন্সিল জরুরি সভা করে ছাত্র সংসদের কার্যক্রম ও ক্যাম্পাসে রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। ছাত্র সংসদ এখন ছাত্রলীগের নিয়ন্ত্রণে। এদিকে ছাত্র সংসদের কার্যক্রম চালু হলেও রাজনীতি উন্মুক্ত না করায় চট্টগ্রাম মেডিকেল কলেজের অন্য ছাত্রসংগঠনগুলো ক্ষোভ প্রকাশ করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের একজন নেতা বলেন, ‘সংসদের কার্যক্রম চালু করা মানে ছাত্রলীগকে এককভাবে রাজনীতির সুযোগ করে দেওয়া। আমরা আশা করব, স্বল্পতম সময়ের মধ্যে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি উন্মুক্ত করা হবে।’