চার মাস পর পূর্বাচল প্রকল্পের কাজ শুরু
চার মাসের বেশি সময় বন্ধ থাকার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাচল উপশহর প্রকল্পের গাজীপুর অংশের উন্নয়নকাজ আবার শুরু হয়েছে। হাইকোর্টের নিষেধাজ্ঞার কারণে ওই অংশের উন্নয়নকাজ বন্ধ ছিল গত ২৪ নভেম্বর থেকে। গত ১১ মার্চ হাইকোর্ট রাজউকের লে-আউট প্ল্যান অনুযায়ী উন্নয়নকাজ শুরু করার রায় দেন।
রাজউক সূত্র জানায়, গত মঙ্গলবার প্রকল্পের কালীগঞ্জ অংশে নতুন করে উন্নয়নকাজ শুরুর মাধ্যমে প্লট বরাদ্দপ্রাপ্ত ছয় হাজার ব্যক্তিতে দুশ্চিন্তামুক্ত করার পথ তৈরি হলো। রাজউক ছাড়াও গাজীপুর জেলা ও পুলিশ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে বালু নদের পূর্ব পাড়ে কালীগঞ্জের বড়কাউ মৌজায় পাইপলাইনের মাধ্যমে বালু ফেলার কাজ হয় মঙ্গলবার। কাজীগঞ্জের পারাবার্থা মৌজাও প্রকল্পের অংশ।
প্রকল্প এলাকা পরিদর্শনকালে স্থানীয় জনাসাধারণের উদ্দেশে রাজউকের চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া, গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম বক্তব্য দেন। রাজউকের চেয়ারম্যান খুব দ্রুত মূল আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের মধ্যে পুনর্বাসন প্লট দেওয়া হবে বলে আশ্বস্ত করেন।
জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘ইতিমধ্যে প্রকল্পের গাজীপুর অংশে ৪০ শতাংশ উন্নয়নকাজ সম্পন্ন হয়েছিল। নতুন করে কাজ শুরুর পর আশা করি দ্রুত বাকি কাজ শেষ করা যাবে।’
আদিবাসী ও ক্ষতিগ্রস্তদের প্লট দেওয়ার বিষয়ে চেয়ারম্যান বলেন, এখানে প্রায় ৮৭৬ জন আদিবাসীকে প্লট দেওয়া হয়েছে। জেলা প্রশাসন ৩০০ আদিবাসীর কাগজপত্র যাচাই-বাছাই শেষ করেছে। কাজ চলছে আরও ২০০ জনের কাগজপত্র যাচাই-বাছাইয়ের। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের প্লট বরাদ্দে সর্বোচ্চ সুবিচারের বিষয়টি রাজউকের মাথায় রয়েছে।
রাজউক সূত্র জানায়, পূর্বাচলের ১৫, ১৬ এবং ২৪ থেকে ২৮ নম্বর সেক্টর কালীগঞ্জ অংশে রয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে রয়েছে ১ থেকে ১৪, ১৭ থেকে ২৩ এবং ২৯ ও ৩০ নম্বর সেক্টর। দুটি অংশে মোট ছয় হাজার ১৫০ একর জমির মধ্যে প্রায় ২৫ হাজার আবাসিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে।