চার মাস পর লাশ উত্তোলন
আদালতের নির্দেশে প্রায় চার মাস পর পুনরায় ময়নাতদন্তের জন্য ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চৌধুরীকান্দা গ্রামের কবর থেকে গতকাল শনিবার শিমুল (১৯) নামের এক তরুণের লাশ তোলা হয়েছে।
শিমুল গাজীপুরের শ্রীপুর উপজেলার আক্তাপাড়া গ্রামের একটি পোলট্রি খামারে শ্রমিক হিসেবে কাজ করতেন। মালিকের সঙ্গে বেতন-ভাতা নিয়ে বিরোধ চলা অবস্থায় গত ১৫ জুলাই রাতে শিমুল আত্মহত্যা করেন বলে খবর ছড়ায়।
নিহতের পরিবার ও গফরগাঁও থানা-পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জুলাই রাতে শিমুল মারা গেলে পোলট্রি খামারের মালিক শিমুলের মৃত্যুর খবর ১৬ জুলাই দুপুরে পরিবারের কাছে পৌঁছান। পরে শিমুলের ভাই শরিফুল ইসলাম বাদী হয়ে আদালতে মালিকপক্ষকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২১ অক্টোবর গাজীপুর জেলা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা আক্তার শিমুলের লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য নির্দেশনা পাঠান।