চার মাস বেতন পাচ্ছেন না বরগুনার দেড় হাজার শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি জাতীয়করণের পর চার মাস পার হলেও বরগুনা জেলার ৩৪৪টি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ৩৭৬ জন শিক্ষক বেতন-ভাতা পাচ্ছেন না। ফলে পরিবার-পরিজন নিয়ে তাঁরা মানবেতর দিন কাটাচ্ছেন। গত ৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবন্ধিত ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা দেন।ভুক্তভোগী শিক্ষকেরা জানান, জাতীয়করণের ঘোষণা দেওয়ার আগে নিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা প্রতি মাসে সরকারের তহবিল থেকে বেতন-ভাতা হিসেবে নির্দিষ্ট অঙ্কের অর্থ অনুদান পেতেন। কিন্তু গত ডিসেম্বর থেকে মার্চ—এই চার মাসের বেতন-ভাতা তাঁরা পাননি।বেশ কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে আক্ষেপ করে জানান, সরকার তাঁদের চাকরি জাতীয়করণ করায় তাঁরা খুশি হয়েছিলেন। কিন্তু চার মাস ধরে বেতন-ভাতা না পেয়ে তাঁরা পরিবার নিয়ে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৩৪৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে হাতেগোনা কয়েকটি ছাড়া সবগুলোই নিবন্ধিত। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, তিন ধাপে দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের আওতায় আনা হবে। এর মধ্যে প্রথম ধাপে থাকবে নিবন্ধিত বিদ্যালয়গুলো। সে অনুযায়ী জেলার প্রায় সবগুলো বিদ্যালয়ই প্রথম ধাপে জাতীয়করণের আওতায় আসবে। জানা গেছে, জাতীয়করণের আগে প্রতিটি উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে একটি বাছাই কমিটি করা হয়েছে। এই কমিটি বাছাই শেষে তার প্রতিবেদন জেলা বাছাই কমিটিতে পাঠাবে। জেলা কমিটি তা চূড়ান্ত করে মন্ত্রণালয়ে পাঠাবে। ১৮ মার্চের মধ্যে প্রতিবেদন জেলা কমিটির কাছে পাঠানোর শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তা পুনর্নির্ধারণ করে ৪ এপ্রিল করা হয়।বেতাগী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেলিম আহম্মেদ বলেন, জাতীয়করণের পর যে বেতন-ভাতা যোগ হয়েছে, তা দেওয়ার আগে মানবিক বিবেচনায় আগের বেতন স্কেলে অবিলম্বে বেতন-ভাতা ছাড় করে দেওয়া হলে শিক্ষকেরা অন্তত দুমুঠো খেয়ে বাঁচতে পারবেন।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সত্তার মৃধা বলেন, ‘জাতীয়করণের আওতাভুক্ত বিদ্যালয়গুলো মনিটরিংয়ের কাজ প্রায় শেষ। অচিরেই আমরা জেলা কমিটির কাছে প্রতিবেদন পাঠাব।’জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার বলেন, ‘উপজেলা যাচাই-বাছাই কমিটির প্রতিবেদন আমাদের হাতে পেলে আমরা চূড়ান্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাব।’ বকেয়া বেতন-ভাতার বিষয়ে তিনি বলেন, ‘এটা হয়তো তাঁরা একসঙ্গে পেয়ে যাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে একটু দেরি তো হবেই।’