চার মাস লোনা পানিতে ডুবে থাকে যে বিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরের চার মাস লোনা পানিতে ডুবে থাকে বিদ্যালয়টি। সে সময় মানুষের বাড়ির উঠানে পাঠদান করা হয়। বছরের বাকি আট মাস জীর্ণ ভবনে বসে চলে পাঠদান। ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে শিক্ষার্থীরা আহত হয়। গুটিকয় বেঞ্চে পোষায় না। বেশির ভাগ শিক্ষার্থী মেঝেতে বসে পড়ে। করুণ এ অবস্থা যশোরের কেশবপুর উপজেলার ময়নাপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের।কেশবপুর উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে ময়নাপুর গ্রামে ১৯৬৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রথমে একটি টিনের ঘরে এর কার্যক্রম শুরু হয়। ১৯৯২ সালে এখানে একটি একতলা পাকা ভবন নির্মাণ করা হয়। ভবনটিতে চারটি কক্ষ আছে। এর মধ্যে একটি কার্যালয় ও তিনটি শ্রেণীকক্ষ। এখানে চারজন শিক্ষক ও ৫০ জন শিক্ষার্থী আছে।জানা গেছে, ২০০৫ সালে ওই এলাকায় বিল খুকশিয়া জোয়ারাধার প্রকল্প করার পর থেকে বিদ্যালয়ের ভবনটি বছরের চার মাস লোনা পানিতে ডুবে থাকে। তখন মানুষের বাড়িতে পাঠদান করা হয়। বাকি আট মাস এখানে পাঠদান করা হয়। দীর্ঘদিন সংস্কার না করায় এবং লোনা পানির কারণে বিদ্যালয়ের ভবনটি নষ্ট হয়ে যাচ্ছে। একই কারণে বিদ্যালয়ের বেঞ্চ ও অন্যান্য আসবাবও নষ্ট হয়ে গেছে। শৌচাগারটিও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একমাত্র নলকূপটিও নষ্ট হয়ে গেছে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর দুই ছাত্র—সজীব মণ্ডল ও সজল মণ্ডল গুরুতর আহত হয়। শিক্ষক অনিন্দিতা মণ্ডল জানান, একদিন পাঠদান করার সময তাঁর গায়ে পলেস্তারা খসে পড়ে।প্রধান শিক্ষক পরিমল কান্তি রায় বলেন, ‘আমি বহুবার বিদ্যালয়ের জন্য নতুন উঁচু ভবন নির্মাণের বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। তার পরও কিছুই হচ্ছে না।’উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান জানান, ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। অন্যান্য সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে।