বঙ্গবন্ধু সেতুর আশপাশে থাকা অবৈধ দোকান ও কাঠামো সাত দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সেতু দিয়ে ধারণক্ষমতার বেশি পণ্যবোঝাই যান চলাচল বন্ধের নির্দেশ এবং গত চার মাসে আদায় হওয়া টোলের তথ্য চেয়েছেন হাইকোর্ট।গতকাল সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন এসব আদেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত রুলও জারি করেন। আদালতের নির্দেশনায় চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সেতুটি দিয়ে যান পারাপারে আদায় হওয়া টোলের তথ্য সাত দিনের মধ্যে আদালতে দাখিল করতে সেতু বিভাগের প্রধান প্রকৌশলীকে বলা হয়েছে।২০ এপ্রিল ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার -এ ‘টোল মানি গোবল্ডআপ’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। এটা আদালতের নজরে আনেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, জায়েদী হাসান খান, নূর উস সাদিকসহ ছয় আইনজীবী। প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন আদালত। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।অবৈধ চর্চার মাধ্যমে সেতুর টোল সংগ্রহ কেন বৈআইনি ঘোষণা করা হবে না এবং ওই ঘটনা তদন্তে একটি আলাদা কমিশন গঠনের কেন নির্দেশ দেওয়া হবেন না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব (সেতু বিভাগ), স্বরাষ্ট্রসচিব, প্রধান প্রকৌশলীসহ (সেতু বিভাগ) ১১ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।