চার মাসে কার্পেটিং উঠে গেল দুবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খানাখন্দ ঢাকতে ইট বিছানো হয়েছে। তবু শেষরক্ষা হচ্ছে না। যানবাহনের চাকায় ইট ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে সড়ক। ছবিটি রংপুরের বাইপাস সড়কের ট্রাকস্ট্যান্ড এলাকার উত্তর প্রান্ত থেকে গত রোববার তোলা l ছবি: মঈনুল ইসলাম
খানাখন্দ ঢাকতে ইট বিছানো হয়েছে। তবু শেষরক্ষা হচ্ছে না। যানবাহনের চাকায় ইট ভেঙে মরণফাঁদে পরিণত হয়েছে সড়ক। ছবিটি রংপুরের বাইপাস সড়কের ট্রাকস্ট্যান্ড এলাকার উত্তর প্রান্ত থেকে গত রোববার তোলা l ছবি: মঈনুল ইসলাম

উদ্বোধনের এক মাস পরই উঠে যায় কার্পেটিং। বের হয়ে আসে পাথর। সৃষ্টি হয় খানাখন্দ। জরুরি ভিত্তিতে আবার তা সংস্কার করা হয়। কিন্তু তিন মাসের মধ্যে সেই কার্পেটিংও উঠে গেছে। দেখে বোঝার উপায় নেই, সড়কটি মাত্র মাস চারেক আগের তৈরি।
বলা হচ্ছে রংপুর নগরের চার লেন সড়কের কথা। বাইপাসে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে ট্রাক স্ট্যান্ড পর্যন্ত ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় আধা কিলোমিটারজুড়ে এমন বেহাল অবস্থা দেখা দিয়েছে।
শহরের ভেতর ও বাইপাস দিয়ে ১৬ দশমিক ২৪ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৪ জুলাই এই চার লেন সড়কের উদ্বোধন করেন।
উদ্বোধনের এক মাসের মধ্যে আধা কিলোমিটার এলাকায় কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দ তৈরি হয়। তখন (১৭ আগস্ট) জরুরি ভিত্তিতে সড়কটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করা হয়।
গত রোববার সরেজমিনে দেখা যায়, চার লেনের বাইপাসে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে ট্রাক স্ট্যান্ড পর্যন্ত কার্পেটিং উঠে গেছে। বেরিয়ে এসেছে পাথর। সেই পাথর স্তূপ হয়ে আছে সড়কের মধ্যে। কোথাও কোথাও খানাখন্দেরও সৃষ্টি হয়েছে। খানাখন্দ ঢাকতে ইট বিছানো হয়েছে। কিন্তু তাও টিকছে না। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
ঢাকা-রংপুর সড়কপথে চলাচলকারী হানিফ পরিবহনের বাসচালক আনোয়ার হোসেন বলেন, পিচ উঠে পাথর বের হয়ে আসায় গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এখানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ রংপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, চার লেন সড়ক নির্মাণের আগে এ স্থানে বর্জ্য ফেলা হতো। বর্ষা মৌসুমে পানি জমে এখানকার কার্পেটিং উঠে যায়। কিন্তু তা সংস্কার করলেও গাড়ি চলাচলের কারণে তা আবারও একই অবস্থায় রূপ নেয়। এই স্থানটুকুর খণ্ডিতভাবে কাজ না করে পুনরায় নির্মাণ করতে হবে বলে মন্তব৵ করেন তিনি।
সওজ বিভাগ সূত্র জানায়, বাস টার্মিনাল থেকে মডার্ন মোড় পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কের এ কাজটি করছে মেসার্স মাসুমা এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের পক্ষে কাজটি করেছেন ঠিকাদার মিঠু মিয়া। তিনি বলেন, ‘এতটুকু জায়গার মধ্যে দুই দফায় সড়কের কার্পেটিং উঠে যাওয়ায় আমরাও বিপদে পড়েছি। তবে নতুন করে আবারও সংস্কার করে দেওয়া হবে।’
২০১০ সালের নভেম্বর মাসে ১৬ দশমিক ২৪ কিলোমিটার চার লেন সড়কের নির্মাণকাজ শুরু হয়। এর মধ্যে বাইপাসে মেডিকেল মোড় থেকে মডার্ন মোড় পর্যন্ত আট কিলোমিটার রয়েছে। মেডিকেল মোড় থেকে শহরের ভেতর দিয়ে মডার্ন মোড় পর্যন্ত পড়েছে ৮ দশমিক ২৪ কিলোমিটার। এর নির্মাণব্যয় হয় ১২৬ কেটি ৫৮ লাখ টাকা।