চার মাসে দুই কিশোরীকে বিয়ে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণকৃষ্ণপুর গ্রামের অবস্থাপন্ন কৃষকের ছেলে মেসবাউল আলম চার মাসের ব্যবধানে দুই কিশোরীকে বিয়ে করেছেন। অবশ্য মেসবাউলের দাবি, তিনি প্রথম বিয়ে করেছিলেন নিজের পছন্দে। প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়ে গেছে। আর দ্বিতীয় বিয়েটি তিনি পরিবারের চাপে পড়ে করেছেন।খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পুটিমারা ইউনিয়নের প্রাণকৃষ্ণপুর গ্রামের ক্ষুদ্র চাষি আমিরুল ইসলামের মেয়ে মহিমা আক্তারের (১৫) সঙ্গে প্রতিবেশী অবস্থাপন্ন কৃষক নূর আলমের একমাত্র ছেলে মেসবাউল আলমের (২৬) প্রেম ছিল। মহিমা বিরামপুর উপজেলার বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার কারিগরি শাখা থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালে গত ২৭ মার্চ দিনাজপুরে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের এফিডেভিট করেন মেসবাউল-মহিমা।এসএসসি পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী মহিমার বয়স ১৫ বছর হলেও নোটারি পাবলিকে তার বয়স ১৯ বছর উল্লেখ করা হয়। পরদিন ২৮ মার্চ বিরামপুরের কাজী মো. নুরুল ইসলামের কাছে বিয়ের কাবিননামা করেন তাঁরা। মেসবাউলের পরিবার এই বিয়ে মেনে না নেওয়ায় মহিমা স্বামীকে নিয়ে তার বাবার বাড়িতে ওঠে। মহিমার মা ময়না বেগম প্রথম আলোকে বলেন, ‘মহিমা ও মেসবাউলকে বাসায় ওঠানোর পর গ্রামের লোকজন নানা কথা বলতে থাকে। বাধ্য হয়ে গত ১০ এপ্রিল গ্রামের নয়াপাড়া মসজিদের ইমাম আবদুল মতিনের কাছে পুনরায় ওদের বিয়ে পড়ানো হয়। বিয়েতে এক লাখ ২৫ হাজার টাকা দেন-মোহরানা ধরা হয়।’ময়না বেগম জানান, মহিমাকে বিয়ের কিছুদিন পর মেসবাউল তাঁর (ময়না বেগম) স্বামীর কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়ে ঢাকা যান। এরপর তাঁর আর কোনো খোঁজ নেই। গত ৩ আগস্ট মেসবাউল হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের বোয়ালদাড় খাঁপাড়া গ্রামের কৃষক নূর মোহামঞ্চদের মেয়েকে বিয়ে করেন। ওই মেয়ের নাম নূরছাপা খাতুন; সে বোয়ালদাড় দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।বাবা নূর মোহামঞ্চদ ও ভগ্নিপতি শামীম হোসেন জানান, ইউনিয়নের কাজী মুহাম্মদ এফতেখারুল হক ওই বিয়ে পড়িয়েছেন। বিষয়টি জানতে পেরে মহিমা গত ৪ আগস্ট সকালে মেসবাউলদের বাড়ি যায়। কিন্তু মেসবাউলের পরিবারের সদস্যরা তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।এ ঘটনায় মহিমা স্বামী মেসবাউলসহ সাতজনকে আসামি করে ওই দিনই নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেয়। জানতে চাইলে গত ৪ আগস্ট মেসবাউল মহিমা ও নূরছাপাকে বিয়ে করার কথা স্বীকার করে জানান, মহিমা ও তার পরিবার ফাঁদে ফেলে তাঁকে বিয়ে করতে বাধ্য করেছে। গত ১৯ এপ্রিল মহিমা তাঁকে তালাক দেওয়ায় তিনি নূরছাপাকে বিয়ে করেছেন। নূরছাপা নাবালিকা নয় বলে দাবি করেন তিনি। প্রায় একই কথা বলেন মেসবাউলের বাবা নূর আলম।তবে মেসবাউলকে তালাক দেওয়ার কথা অস্বীকার করে মহিমা জানায়, মেসবাউল তালাকের জাল কাগজ তৈরি করেছেন।মহিমার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।