চার মাসে দুই শতাধিক শিশুর বিয়ে
বীথি খাতুনের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। ওর বাবা মুরাদ শেখ ভূমিহীন। তার মা-বাবা পঞ্চম শ্রেণীতে পড়া অবস্থায় মাত্র ১১ বছর বয়সে তাকে অবস্থাসম্পন্ন পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেন। ওর বরের বয়স মাত্র ১৩। গত বছরের ডিসেম্বর মাসে তার বিয়ে হয়।
একই উপজেলার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বীথিয়ারা খাতুনের বাবা আতাহার আলী দিনমজুর। দিনমজুরি করে যা আয় হয়, তা দিয়ে পাঁচ সদস্যের সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন আতাহার। এ অবস্থায় ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করার সময় চলতি বছরের জানুয়ারি মাসে তার বিয়ে হয়ে যায়। বরের বয়স মাত্র ১৭ বছর।
বীথি ও বীথিয়ারার মতো গত চার মাসে মেহেরপুরের বিভিন্ন উপজেলায় দুই শতাধিক শিশুর বাল্যবিবাহ হয়েছে। কয়েকজন চিকিৎসক ও কয়েকটি বেসরকারি সংস্থার কর্মকর্তা জানান, মেহেরপুরে এখন বাল্যবিবাহ বড় ধরনের সামাজিক ‘ব্যাধি’ হয়ে দাঁড়িয়েছে। অসচেতনতা, দারিদ্র্য, কুসংস্কার ও অজ্ঞতার কারণে অভিভাবকেরা অল্প বয়সে সন্তানদের বিয়ে দিচ্ছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও বাল্যবিবাহ বন্ধ হচ্ছে না। বাল্যবিবাহের কারণে এ জেলায় শিক্ষা ক্ষেত্রে ঝরে পড়া শিশুদের সংখ্যা বাড়ছে এবং নারীশিক্ষার উন্নয়ন ব্যাহত হচ্ছে। পাশাপাশি অপুষ্টিজনিত কারণে মা ও শিশুর মৃত্যুহার কমছে না।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনিন সুলতানা জানান, কয়েক দিন আগে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার বলিয়ারপুর ও ঝাঁঝা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছমিরন নেছা ও শাহানারা খাতুনের বিয়ে বন্ধ এবং অভিভাবকদের জরিমানা করেছেন। গত চার মাসে দুই শতাধিক বাল্যবিবাহ হয়েছে। আর ৫৭টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
সদর উপজেলার কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝরে পড়া ১৯ শিক্ষার্থী জানায়, তারা বিয়ের পর আর বিদ্যালয়ে যায় না। কিন্তু তারা লেখাপড়া করতে চায়। করমদী পশ্চিমপাড়া রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রুপালী খাতুনের বাবা আসমত আলী বলেন, ‘সংসারে অভাব থাকায় এবং ভালো পাত্র পেয়ে মেয়ের বিয়ে দিয়েছি। আমার মেয়ে লিখতে পারে, এটাই অনেক বেশি।’
জানা গেছে, গত চার মাসে গাংনী করমদী ও তেঁতুলবাড়িয়া ৪০, মেহেরপুর পৌর নিম্নমাধ্যমিক ও ভৈরব মাধ্যমিক ৩৫; সদর উপজেলার হরিরামপুর ৭, আমঝুপি ১২, মুজিবনগর আনন্দবাস ও জয়পুর মাধ্যমিক বিদ্যালয়ের ২৩ ছাত্রীর বাল্যবিবাহ হয়েছে।
আনন্দবাস মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, পারিবারিক চাপে বাল্যবিবাহ হচ্ছে। তাই বাল্যবিবাহ কমছে না, বরং বাড়ছে। তিনি আরও জানান, যেসব ছাত্রীর বাল্যবিবাহ হয় সেসব ছাত্রী বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। বিয়ে হয়ে যাওয়ার পর তাঁরা ঘটনা জানতে পারেন। এ কারণে তখন আর কিছু করার থাকে না।
পলাশীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সরোয়ার জানান, বিয়ে হচ্ছে গোপনে। তাই শিক্ষকেরা এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারছেন না। করমদি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হুদা জানান, প্রশাসনের ভয়ে অনেকে কাবিননামা ছাড়াই গোপনে বিয়ে দিচ্ছে।
মেহেরপুর মানব উন্নয়ন কেন্দ্র (মউক) নির্বাহী পরিচালক আসাদুজ্জামান সেলিম জানান, তাঁরা বাল্যবিবাহ ঠেকাতে বিদ্যালয়, উঠান ও কমিউনিটি বৈঠক করেন।
মেহেরপুর সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ আলাউদ্দিন আহমেদ জানান, এই জেলায় বাল্যবিবাহ বেশি হওয়ায় অপুষ্টিজনিত কারণে মা ও শিশুর মৃত্যুর হার কমছে না।