আগামী চার মাসের মধ্যে পাসপোর্ট অধিদপ্তরকে ১৫ লাখ ৮৫ হাজার ৬৮৪ জন প্রবাসী বাংলাদেশির জন্য যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) সরবরাহ করতে হবে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটিকে পাসপোর্ট অধিদপ্তর এই তথ্য দিয়েছে।
অবশ্য এই সময়ের মধ্যে এসব পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসের মাধ্যমে এখন প্রতিদিন ২০ হাজার পাসপোর্ট সরবরাহ করা হচ্ছে। আশা করা যায়, নভেম্বরের মধ্যে সব পাসপোর্ট বিতরণ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘সময় শেষ হয়ে গেলেও কোনো দেশ তো বাঙালিদের ঘাড় ধরে বের করে দেবে না। আমাদের দূতাবাস আছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইসিএও) বেঁধে দেওয়া সময় অনুযায়ী আগামী ২৪ নভেম্বরের পর হাতে লেখা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, পাসপোর্ট অধিদপ্তর গত ২৩ জুলাই পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও অন্যান্য দেশে মোট ১৯ লাখ ৪ হাজার ৩১৬ জনকে পাসপোর্ট সরবরাহ করেছে।
২৪ নভেম্বরের মধ্যে বাকিদের পাসপোর্ট দেওয়া সম্ভব হবে কি না, জানতে চাইলে কমিটির সভাপতি টিপু মুনশি বলেন, শঙ্কা আছে। তবে মন্ত্রী আশ্বস্ত করেছেন। নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্ট দিতে না পারলে সময় চাওয়ার সুযোগ আছে।
বৈঠকে বিভিন্ন থানায় জব্দ করা গাড়ি ও মোটরসাইকেল আইনের আওতায় এনে তা পুলিশের ব্যবহারের জন্য দেওয়ার সুপারিশ করা হয়।
টিপু মুনশি বলেন, সারা দেশে এক লাখের ওপর গাড়ি-মোটরসাইকেল থানায় পড়ে আছে। বছরের পর বছর পড়ে থাকলেও এসব যানবাহনের মালিক খুঁজে পাওয়া যায় না। এগুলো ব্যবহারের জন্য পুলিশকে দিলে ভালো হয়। পুলিশ বলেছে, এসব যানবাহন ব্যবহারের ক্ষেত্রে আইনি জটিলতা আছে। কমিটি এই জটিলতা নিরসনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, আবু সাঈদ আল মাহমুদ, ফখরুল ইমাম ও আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।