চার মাসে বিদেশে আড়াই লাখ লোকের কর্মসংস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি ক্রমেই বেড়ে চলেছে। বিদেশ থেকে আসা প্রবাসী-আয়ের (রেমিট্যান্স) পরিমাণও বাড়ছে। এ বছরের প্রথম চার মাসে দুই লাখ ৪৯ হাজার ৪৫৬ জন বাংলদেশি চাকরি নিয়ে বিভিন্ন দেশে গেছেন। একই সময়ে প্রবাসী-আয় এসেছে ৩৭ হাজার ৫২০ কোটি টাকা।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে এই তথ্য জানা গেছে। বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এপ্রিল পর্যন্ত আড়াই লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে বিদেশে। এ বছর এই সংখ্যা বাড়তেই থাকবে বলে আশা করেন তিনি।বিএমইটির তথ্য অনুযায়ী, ২০১১ সালের প্রথম চার মাসে বিদেশে গিয়েছিলেন এক লাখ ৫৩ হাজার ৯৩৩ জন কর্মী। আর প্রবাসী-আয় এসেছিল ২৯ হাজার ১৫১ দশমিক ২৮ কোটি টাকা। সেই তুলনায় এ বছরের প্রথম চার মাসে জনশক্তি রপ্তানি ৬২ দশমিক ০৫ ভাগ এবং প্রবাসী-আয় ২৮ দশমিক ৭১ ভাগ বেড়েছে।বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন্নাহার প্রথম আলোকে বলেন, এ বছর জনশক্তি রপ্তানি ও প্রবাসী-আয় দুটোই বেড়ে চলছে। ১২ মে পর্যন্ত পৌনে তিন লাখ লোকের বিদেশে কর্মসংস্থান হয়েছে। বিএমইটির তথ্য অনুযায়ী, এ বছরের জানুয়ারি মাসে ৬৭ হাজার ৭৩৮ জন, ফেব্রুয়ারিতে ৬০ হাজার ৪৪১ জন, মার্চে ৫৮ হাজার ১০২ জন এবং এপ্রিলে ৬৩ হাজার ১৭৫ জন কর্মী বিদেশে গেছেন। এই আড়াই লাখ কর্মীর মধ্যে আট হাজার ৯৬৬ জন নারী রয়েছেন।বিএমইটির বহির্গমন শাখার তথ্য অনুযায়ী, গত চার মাসে এক লাখ ১৪ হাজার ২৪ জন কর্মী গেছেন সংযুক্ত আরব আমিরাতে। এ ছাড়া ৬৭ হাজার ৫১৪ জন ওমানে, ১৭ হাজার ৫২৭ জন সিঙ্গাপুরে, সাত হাজার ৯৫ জন কাতারে, সাত হাজার ১৯৬ জন বাহরাইনে, চার হাজার ৬৩৬ জন লেবাননে, তিন হাজার ৪৫৪ জন মিসরে, পাঁচ হাজার ৬১৫ জন সৌদি আরবে, সাত হাজার ৪৫৭ জন লিবিয়ায়, এক হাজার ৯২৪ জন ব্রুনেইয়ে, দুই হাজার ২০৪ জন মরিশাসে, ৬৭২ জন দক্ষিণ কোরিয়ায় এবং ২৩৮৪ জন মালয়েশিয়ায় গেছেন। বাকি তিন হাজার ৪৪৯ জন গেছেন অন্যান্য দেশে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অতীতের সব রেকর্ড ভেঙে এ বছরের জানুয়ারি মাসে প্রবাসীরা ১২২ কোটি ডলার অর্থাৎ প্রায় ১০ হাজার কোটি টাকা দেশে পাঠিয়েছেন। এর আগে এক মাসে এত প্রবাসী-আয় আসেনি। জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সভাপতি শাহজালাল মজুমদার বলেন, বছরের প্রথম চার মাসে আড়াই লাখ লোকের বিদেশে কর্মসংস্থান হয়েছে, যেটি স্বস্তিদায়ক। আমিরাত, ওমান, সিঙ্গাপুর এখন বাংলাদেশ থেকে লোক নিচ্ছে। সৌদি আরব ও লিবিয়ার বাজারও খুলতে শুরু করেছে।