প্রায় চার মাসের ব্যবধানে দুটি ইজারা বিজ্ঞপ্তির ফাঁকে মৌলভীবাজারের জুড়ী-১ রেঞ্জের সাগরনাল বাঁশমহালের কাটার যোগ্য বাঁশের সংখ্যা ১০ লক্ষাধিক কমে যাওয়ায় প্রশ্ন উঠেছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান বন সংরক্ষকের গঠিত একটি দল সম্প্রতি ওই মহালের বাঁশের সংখ্যা পুনর্গণনার প্রাথমিক কাজ সম্পন্ন করেছে।
বন বিভাগের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী সাগরনাল বাঁশমহালটির আয়তন তিন হাজার ২৭৯ একর। সেখানে মাকাল, খাঙ ও টেংরা মুলি জাতের বাঁশ রয়েছে। বাঁশমহালটি ইজারা দিতে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা ২০১৩ সালের ২৪ অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে দরপত্র আহ্বান করেন। তখন দরপত্রের গেজেটে কাটার যোগ্য বাঁশের সংখ্যা ৫০ লাখ ৮০ হাজার ২০০টি উল্লেখ করা হয়। এ সময় মহালটিতে বাঁশের সংখ্যা গেজেটে উল্লিখিত সংখ্যার চেয়ে কম থাকার কথা দাবি করে পুনর্গণনার দাবি জানিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে লিখিত আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে মহালটিতে বাঁশ পুনর্গণনা করা হয়।
গত বছরের ৪ মার্চ সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা ওই মহালে কর্তনযোগ্য বাঁশের সংখ্যা ৪০ লাখ ২০ হাজার ২০০টি উল্লেখ করে পুনরায় দরপত্র আহ্বান করেন। তখন দরপত্রের প্রক্রিয়াও সম্পন্ন হয়ে যায়। তবে সর্বোচ্চ দরদাতাকে বাঁশ কাটার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। এদিকে পর পর দুটি ইজারা বিজ্ঞপ্তির ফাঁকে চার মাস ১০ দিনের ব্যবধানে হঠাৎ করে মহালটিতে বাঁশের সংখ্যা কমে যাওয়ায় বিষয়টি বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়। এ অবস্থায় মহালটিতে কাটার যোগ্য বাঁশের সঠিক সংখ্যা নির্ধারণে গত ১২ এপ্রিল প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলী বন বিভাগের কেন্দ্রীয় অঞ্চলের বন সংরক্ষক (চলতি দায়িত্ব) মো. আবু হানিফ পাটোয়ারীকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন।
বন বিভাগ সূত্র জানায়, বাঁশের প্রজননের জন্য প্রতি চার বছর পর পর বাঁশমহাল ইজারা দেওয়া হয়। এর আগে ২০০৭ সালে সাগরনাল বাঁশমহালটি ইজারা দেওয়া হয়। তখন সেখানে কাটার যোগ্য বাঁশের সংখ্যা ছিল ৭৭ লাখ ৭০ হাজার ৯০০।
কমিটির সদস্যরা ৬ থেকে ৯ মে সরেজমিনে বাঁশ পুনর্গণনার কাজ সম্পন্ন করেন। এ সময় বাঁশমহালটিকে ১০৮টি নমুনা প্লটে ভাগ করে (প্রতিটি প্লটের আয়তন দশমিক শূন্য ১ হেক্টর ধরে) বাঁশের সংখ্যা নির্ধারণ করা হয়।
বাঁশ পুনর্গণনা কমিটির সদস্য বন বিভাগের ব্যবস্থাপনা পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এফ এম জহিরুল হাসান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, পুনর্গণনার প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। পুরো কাজ সম্পন্ন করতে আরও সময় লাগবে। এরপর বাঁশের সঠিক সংখ্যা বলা যাবে। এ ছাড়া কাজ সম্পন্ন করার পর এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে। এখন এর বেশি কোনো মন্তব্য করা সমীচীন হবে না।
চার মাসের ব্যবধানে বাঁশের সংখ্যা কমে যাওয়ার কারণ সম্পর্কে সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, আগে স্থানীয়ভাবে বাঁশ পুনর্গণনা করা হয়েছিল। সে ক্ষেত্রে গণনায় পদ্ধতিগত সমস্যার কারণে বাঁশের সংখ্যা কম পাওয়া যেতে পারে।