চার মাসেও অ্যাম্বুলেন্সটি মেরামত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র অ্যাম্বুলেন্সটি চার মাসেও মেরামত করা হয়নি। এতে হাওর এলাকার গুরুতর অসুস্থ রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালে দেখা হয় উপজেলার বাটিবরাটিয়া গ্রামের করিম মিয়ার (৪৩) সঙ্গে। তিনি বলেন, গত শুক্রবার রাতে তাঁর স্ত্রীর প্রসবব্যথা শুরু হলে শনিবার ভোরে তাঁকে নিয়ে হাসপাতালে আসেন। চিকিৎসক অস্ত্রোপচারের জন্য রোগীকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। অ্যাম্বুলেন্স নষ্ট। তাই অভাবের মধ্যেও আড়াই হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়া করে এনেছেন। হাসপাতালের অ্যাম্বুলেন্সটি থাকলে মাত্র ৬০০ টাকা ভাড়া লাগত।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৩ জুলাই অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে নিকলীর জারুইতলা ইউনিয়নের সাজনপুর এলাকায় নষ্ট হয়ে যায়। পরে একটি টমটম দিয়ে সেটি টেনে হাসপাতালে এনে রাখা হয়। অ্যাম্বুলেন্সটির চালক হারুন অর রশিদ বলেন, ‘বছর খানেক আগেই গাড়িটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। ওই অবস্থায়ই চালাতাম। শেষ পর্যন্ত তো একেবারে নষ্ট হয়ে গ্যারেজে পড়ে আছে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) আবদুল মজিদ বলেন, অ্যাম্বুলেন্সটি মেরামত করতে চার লাখ টাকা লাগবে। সিভিল সার্জনের কাছে লিখিতভাবে সেই টাকা চাওয়া হয়েছিল। এরপর গত আগস্টে বরাদ্দ চেয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।