কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার চার মাস পূর্ণ হচ্ছে আজ বুধবার। কিন্তু এত দিনেও খুনি শনাক্ত না হওয়ায় হতাশ তাঁর মা-বাবা। তনুর পোশাকে পাওয়া ডিএনএ নমুনা সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে মেলানোর কাজ শুরু না করায় তাঁরা মামলার তদন্তকারী সংস্থা সিআইডির প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।
তনু হত্যার চার মাস পূর্ণ হওয়ার প্রাক্কালে গতকাল মঙ্গলবার তনুর মা আনোয়ারা বেগম ও বাবা ইয়ার হোসেন প্রথম আলোর কাছে এই ক্ষোভ ও হতাশার কথা জানান।
কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন বলেন, ‘আমার অবস্থা খুবই খারাপ। না পারি কারও সঙ্গে কথা বলতে, না পারি মনকে বোঝাতে। আমারে কেবল প্যাঁচে ফালাতে চায়। কথা বলতে না করা হয়।’ তিনি বলেন, তদন্ত নিয়ে তিনি হতাশ। তিনি গতকাল বেলা ১১টায় তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গাজী মোহাম্মদ ইব্রাহীমকে ফোন করেছিলেন। তদন্ত কর্মকর্তা বলেছেন তদন্ত চলছে। আর কিছু বলেননি।
মামলার তদন্তে কোনো অগ্রগতি আছে কি না, সেটা জানতে এ প্রতিবেদক গতকাল দুপুরে কুমিল্লার সিআইডি দপ্তরে গিয়ে দেখেন, তদন্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহীমের কক্ষে তালা ঝুলছে। এরপর তাঁর মুঠোফোনে দুই দফা কল করা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি।
তনুর মা আনোয়ারা বেগম প্রথম আলোকে বলেন, ‘ঈদের পরে সিআইডি কিছু করবে বলেছিল। এখন তো কোনো কিছু দেখছি না। আমি মেয়ে হত্যার বিচার চাই। গরিব বলে যেন বিচার থেকে বঞ্চিত করা না হয়।’
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী তনু খুন হন গত ২০ মার্চ। ওই রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের ভেতর একটি ঝোপ থেকে তাঁর লাশ উদ্ধার করেন বাবা ইয়ার হোসেন। এ ঘটনায় পরদিন ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। গত ১ এপ্রিল থেকে মামলাটি তদন্ত করছে সিআইডি। এখন পর্যন্ত এ হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। এরই মধ্যে ১১ জুলাই মামলার তদন্ত তদারক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুল করিম খানকে রাজশাহীতে বদলি করা হয়।