চার মাসেও নূর হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর দুই সঙ্গীর বিরুদ্ধে চার মাসেও বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে অভিযোগ গঠন হয়নি। আজ সোমবার ছিল অভিযোগ গঠনের জন্য নির্ধারিত তারিখ।

নূর হোসেনের দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীম বারাসাতের জেলা ও দায়রা জজ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজও তাঁরা আদালতে হাজিরা দেন। নূর হোসেনকেও দমদম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে আনা হয়। তবে এক আইনজীবীর মৃত্যুর কারণে আদালত না বসায় অভিযোগ গঠন হয়নি।

গত ১৮ আগস্ট বাগুইহাটি থানার পুলিশ নূর হোসেন ও তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের দায়ে অভিযোগপত্র দায়ের করে।

অভিযোগপত্র দায়ের করার পর আদালত ৬ দফায় তারিখ নির্ধারণ করলেও বিভিন্ন কারণে অভিযোগ গঠন হয়নি।

গত ১৪ জুন রাতে নূর হোসেনের সঙ্গে তাঁর দুই সঙ্গী খান সুমন ও ওহিদুর জামান শামীমকে গ্রেপ্তার করে বাগুইহাটি থানার পুলিশের সহযোগিতায় বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ পুলিশ বাহিনী। তাঁদের গ্রেপ্তারের পর ছয় মাস পার হলেও নূর হোসেনের পক্ষে আদালতে জামিনের প্রার্থনা করা হয়নি।