রংপুরের পীরগাছা উপজেলায় আওয়ামী লীগের দুই নেতা কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) ও কাজের বিনিময়ে টাকার (কাবিটা) দুটি প্রকল্পের অর্থ ও খাদ্যশস্য আত্মসাৎ করেন। তদন্তের পর আত্মসাতের দ্বিগুণ অর্থ ও খাদ্যশস্য সরকারি কোষাগারে জমা দিতে তাঁদের প্রতি নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দেশের চার মাস পেরিয়ে গেলেও তা জমা দেওয়া হয়নি। ওই দুই নেতা হলেন: উপজেলার কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি নজরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক কল্যাণ চন্দ্র বর্মণ। পীরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাকিম সরদার বলেন, সরকারি তদন্তে ওই দুই নেতার অর্থ ও খাদ্যশস্য আত্মসাতের সত্যতা মিলেছে। তাঁদের উচিত সরকারি কোষাগারে অর্থ ও খাদ্যশস্য জমা দেওয়া। রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে কান্দির পাঠক শিকড় ইহসান দরবার শরিফের ঘর নির্মাণের জন্য কাবিটা প্রকল্পে এক লাখ টাকা ও পাঠক শিকড় সর্বজনীন দুর্গা মন্দির সংস্কারের জন্য দুই মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। এই অর্থ ও খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ উঠলে জেলা প্রশাসন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাকে তা তদন্তের দায়িত্ব দেয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান বিষয়টি তদন্ত করেন। তিনি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, দরবার শরিফের ঘর নির্মাণকাজের প্রকল্প চেয়ারম্যান নজরুল ইসলাম খান কাজ না করে পুরো টাকা আত্মসাৎ করেন। দুর্গা মন্দির সংস্কার কাজের প্রকল্প চেয়ারম্যান কল্যাণ চন্দ্রও কাজ না করে খাদ্যশস্য আত্মসাৎ করেন।মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত প্রকল্প চেয়ারম্যানদের সরকারি কোষাগারে দ্বিগুণ অর্থ ও খাদ্যশস্য জমা দিতে ২ এপ্রিল চিঠি দেওয়া হয়। চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে অর্থ ও খাদ্যশস্য সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়। কিন্তু চার মাস পেরিয়ে গেলেও গত রোববার পর্যন্ত টাকা জমা হয়নি। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সারওয়ার জামান বলেন, ‘আমি নতুন এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’ অভিযুক্ত নজরুল ইসলাম খান দাবি করেন, তিনি কিছু টাকার কাজ করেছেন। বাকি টাকা দলীয় নেতা-কর্মীর মূল্যায়নে খরচ হয়েছে। কল্যাণ চন্দ্রও প্রায় একই ধরনের কথা বলেন।