চার মাসেও মেলেনি শিশুটির পরিচয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরিফুল হক
আরিফুল হক

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুর এলাকার বাসিন্দারা গত ১৩ জানুয়ারি এক শিশুকে স্থানীয় একটি রাস্তায় কান্নারত অবস্থায় দেখতে পায়। শিশুটি তার পরিচয় দিতে না পারায় তাকে স্থানীয় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে হস্তান্তর করে এলাকাবাসী। এরপর চার মাস পেরিয়ে গেলেও শিশুটির মা-বাবার খোঁজ মেলেনি। সে বুদ্ধিপ্রতিবন্ধী বলে জানা গেছে।
শিশুটিকে উদ্ধারের পরের দিন ১৪ জানুয়ারি হবিগঞ্জ আদালতে হাজির করে পুলিশ। আদালতের বিচারক তাকে গাজীপুরের টঙ্গীতে সমাজসেবা অধিদপ্তরের শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এরপর চার মাস ধরে শিশুটি ওই কেন্দ্রে রয়েছে। সেখান থেকে গত বুধবার তাকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রশিদ আহমেদের আদালতে হাজির করা হয়।
শিশুটি এ প্রতিবেদককে জানায়, তার নাম আরিফুল হক (১২), বাবার নাম আবদুল হাসিম এবং মায়ের নাম সাজু বেগম। তারা দুই ভাই এক বোন। ঠিকানা জানতে চাইলে ‘সিলেট’ বলে জানায় সে। এর বেশি কিছু বলতে পারেনি শিশুটি।
হবিগঞ্জ কোর্টের সহকারী উপপরিদর্শক (এএসআই) রিয়াজ উদ্দিন জানান, শিশুটি বুদ্ধিপ্রতিবন্ধী। বুধবার আদালত সংবাদপত্রে শিশুটির ছবি ছাপানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
গত ২৮ জানুয়ারি ‘শিশুটি শুধু আদালতে যায়-আসে’ শিরোনামে অপর এক বাকপ্রতিবন্ধী শিশুকে নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি ওই শিশুর পরিবারের লোকজনের নজরে আসে। এরপর সে তার পরিবারের কাছে ফিরে যায়।