চার মাসেও মোতালেব হত্যার কূল-কিনারা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার চার মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হয়নি। তদন্তের দীর্ঘসূত্রতার কারণে হত্যাকাণ্ডের বিচার নিয়ে হতাশ তাঁর পরিবার ও সহপাঠীরা।
পুলিশ বলছে, হত্যার রহস্য উদ্ঘাটনের খুব কাছাকাছি চলে এসেছে তারা। দ্রুতই জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা যাবে। বর্তমানে মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
গত বছরের ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের নালা থেকে মোতালেবের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়। মোতালেবের চাচা মো. বশীর নগরের মতিহার থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মোতালেবের রুমমেট মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। বর্তমানে তিনি জামিনে আছেন।
পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর চাকরির পরীক্ষায় প্রক্সি জালিয়াত চক্রের সঙ্গে মোতালেবের জড়িত থাকার বিষয়টি গণমাধ্যমে আসে। এমনকি তাঁর চাচা মো. বশীর বলেছিলেন, অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ার পর থেকে মোতালেবকে হুমকি-ধমকি দেওয়া হতো। ঘটনার প্রায় এক বছর আগে রাজশাহীতে একটি চাকরি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা পড়েন মোতালেব। এ ছাড়া পুলিশ তাঁর রুমমেট মনিরুলকে রিমান্ডে নিয়ে বেশ কিছু তথ্য পায়। যার ভিত্তিতে তদন্ত করছে পুলিশ।
প্রথমে মামলাটি তদন্তের দায়িত্বভার পেয়েছিলেন মতিহার থানার পরিদর্শক (তদন্ত) অশোক চৌহান। তিনি বদলি হয়ে গেলে আসেন নতুন কর্মকর্তা। পুলিশ ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন পেলেও এখনো ভিসেরা রিপোর্ট পায়নি।
মোতালেবের সহপাঠী রাশেদ রিন্টু বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের মধ্যে শিক্ষার্থী খুন হয়ে যায় অথচ চার মাসেও কোনো কূল-কিনারা হয় না। এটা দুঃখজনক। পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ বলে, সময় লাগবে। এ অবস্থায় তদন্তে তেমন অগ্রগতি হয়নি বলে তিনি মনে করছেন। তিনি দ্রুত তদন্ত শেষ করে আসামিদের বিচারের আওতায় আনার দাবি জানান।
ছেলে হত্যাকারীদের বিচারের ব্যাপারে হতাশা প্রকাশ করে মোতালেবের বাবা বদরউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমার ছেলে মইরেছে বলে কোনো বিচার নাই। লিপু তো সাধারণ ছাত্র ছিল, ওর জন্য কিডা কানবি। কান্দিতো যদি ক্ষমতা থাকত, লিপু যদি কোনো লিডার হইতো, তাইলে কান্দিত। চার মাস হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত মামলার কোনো অগ্রগতি নাই।’
মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা মতিহার থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব আলম বলেন, এক মাস থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। রাজশাহী সিআইডির কর্মকর্তা আসমাউল হককে তদন্ত কর্মকর্তা হিসেবে নির্ধারণ করা হয়েছে। তবে তিনি গতকাল বুধবার পর্যন্ত তদন্তভার বুঝে নেননি।
তদন্তের দীর্ঘসূত্রতার বিষয়ে মাহাবুব আলম বলেন, ‘আমরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের খুব কাছাকাছি চলে এসেছি। তবে তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। আশা করছি দ্রুত সময়ের মধ্যে হত্যার রহস্য সবার সামনে আসবে।’ তিনি আরও বলেন, ‘মামলার অপরাধীরা শনাক্ত হবে। হয়তো একটু সময় লাগছে। অপরাধীরা পার পেয়ে যাবে এমনটা ভাবার সুযোগ নেই। মামলাটি তদন্ত করে আমরা যত দূর এগিয়েছি সিআইডি সেই তথ্য নিয়ে তদন্ত করলে দ্রুতই তদন্ত শেষ হবে।’