চার মাসেও সংস্কার হয়নি ভাঙা বাঁধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নের ভাঙা বেড়িবাঁধ সংস্কার হয়নি চার মাসেও। এর ফলে লোকালয়ে চলছে জোয়ার–ভাটা। গত ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর কবলে পড়ে প্রায় নয় কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়।
গত রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের দক্ষিণ রাজঘাট, টিয়াকাটি, রাঙ্গাখালী ও রুস্তমের দোনা এলাকার প্রায় তিন কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে সাইরার ডেইল, মগডেইল, মাইজপাড়া, ফুলজান মোরা, দক্ষিণ রাজঘাট, লাইল্যাঘোনা, বানিয়াকাটা, সিকদারপাড়া, মিয়াজিরপাড়া, মাঝেরডেইল ও নয়াপাড়া গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। একইভাবে ধলঘাট ইউনিয়নের পণ্ডিত ডেইল, সাপমারার ডেইল, সুতরিয়া, সরইতলা, বনজামিরা, মুহুরিঘোনা ও নাসির মোহাম্মদ ডেইল এলাকার ছয় কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়ছে জোয়ারের পানি। এসব স্থানে সড়ক কাদায় ভরা। চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া ঘরেও জোয়ারের পানি ঢুকে পড়ায় রান্না-বান্নায় সমস্যা হচ্ছে বেশি।
ধলঘাট ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক গিয়াস উদ্দিন বলেন, গত বছর ঘূর্ণিঝড় কোমেনের কবলে পড়ে এই এলাকার চার কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে যায়। কিন্তু বাঁধ সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড কোনো উদ্যোগ নেয়নি। এবার রোয়ানুতে বিলীন হয়ে গেছে আরও ছয় কিলোমিটার বাঁধ। এতে জোয়ারের পানিতে ভাসছে ১২টি গ্রামের অন্তত ১০ হাজার মানুষ।
ধলঘাট ইউনিয়নের সরইতলার বাসিন্দা আবুল কাছিম বলেন, জোয়ারের পানির কারণে রান্না হচ্ছে না নিয়মিত। কোনো কাজ না থাকায় আয়-রোজগারও বন্ধ।
ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল হাসান বলেন, চারপাশে ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ না করলে পুরো এলাকাটি সাগরে তলিয়ে যাবে। মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ বলেন, ‘জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণের জন্য জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে আবেদন করেছি। কিন্তু চার মাস অতিবাহিত হলেও বাঁধ সংস্কার হয়নি।’
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান বলেন, ভাঙা বাঁধ সংস্কারের জন্য ইতিমধ্যে পাঁচ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। শিগগির সংস্কারের কাজ শুরু হবে।