চার মাস পেরিয়ে গেলেও রাজধানীর পল্লবী এলাকায় জোড়া খুনের কারণ খুঁজে পায়নি পুলিশ। ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ডেসকো) প্রকৌশলী জাহিদুল ইসলামের স্ত্রী সুইটি আক্তার ও তাঁর মামা আমিনুল ইসলামের খুনের তদন্ত করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তকারীরা।
হত্যাকাণ্ডের পর শাহীন নামের জাহিদুলের ব্যবসায়িক অংশীদারকে গ্রেপ্তার করা হয়। তবে জুলাই মাসে তিনিও জামিনে ছাড়া পেয়েছেন। সব মিলিয়ে মামলার তদন্তের গতি থমকে আছে বলে মনে করছেন জাহিদুল ইসলাম।
গত ১৩ মে দুপুরে জাহিদুলের পল্লবীর ছয়তলার ফ্ল্যাটে ঢুকে তাঁর স্ত্রী সুইটি আক্তার ও মামা আমিনুল ইসলামকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় প্রকৌশলীর পাঁচ বছর বয়সী একমাত্র ছেলে সাজিদ বিন জাহিদের ওপরও হামলা চালানো হয়। পরদিন জাহিদুল পল্লবী থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
এ ঘটনায় বাড়ির নিরাপত্তাকর্মী আবদুল খালেক ও জাহিদুলের ব্যবসায়িক অংশীদার আশরাফুল আলম চিশতী ওরফে শাহীনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। মামলায় চাঁদাবাজি ও ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়। পরে শাহীনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
জাহিদুলের স্ত্রী সুইটি বৈদ্যুতিক সামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান ইন্ডিপেনডেন্ট পাওয়ার লিমিটেডের চেয়ারম্যান ছিলেন। শাহীন ছিলেন ওই প্রতিষ্ঠানের অংশীদার। জাহিদুল নিজেও একই প্রতিষ্ঠানের পরিচালক পদে রয়েছেন।
হত্যাকাণ্ডের আগের দিন ১২ মে জাহিদুলের বাসায় ব্যবসায়িক প্রতিষ্ঠানের শেয়ার ভাগাভাগি নিয়ে আলোচনা হয়। এতে একপর্যায়ে সুইটি ও শাহীনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘পারিপার্শ্বিক কারণ হিসেবে আমার মনে হয় শাহীনই হত্যার ঘটনা ঘটিয়েছেন। তিনি রোজার ঈদের আগে জামিনে ছাড়া পেয়েছেন। আর তদন্ত এগিয়েছে কি না আমার জানা নেই।’
তবে এ ঘটনার সঙ্গে নিজের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন শাহীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ঘটনার পর আমাকে ফোন করে জাহিদুল তাঁর বাসায় যেতে বলেন। আমি নিজেই তাঁর ছেলেকে হাসপাতালে নিয়ে যাই। অথচ পরে আমাকেই গ্রেপ্তার করা হলো।’
তদন্তকারীরা অনেকটাই নিশ্চিত যে একাধিক ব্যক্তি হত্যায় অংশ নিয়েছিল।