কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের পুরাতন বাতিঘর সড়কের উন্নয়নকাজ শুরু হয় ২০১৩ সালের আগস্ট মাসে। দুই বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কাজ। ইতিমধ্যে সড়কের যেটুকু কাজ হয়েছে, তাও বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। অথচ কার্যাদেশ অনুযায়ী চার মাসের মধ্যে কাজ শেষ করার কথা।
সরেজমিনে দেখা গেছে, সড়কটিতে জিপ ও রিকশা চলাচল করে। গাড়ি চলার সময় ঝাঁকুনিতে যাত্রীদের ত্রাহি অবস্থা। ফলে বেশির ভাগ মানুষ হেঁটেই চলাচল করছে। এদিকে সংস্কারকাজ বলতে শুধু কিছু অংশে ইটের খোয়া ফেলা হয়েছে। বাকি অংশে এখনো কাজ শুরুই হয়নি।
স্থানীয় বাসিন্দা আবদুল মাবুদ বলেন, সড়কটি নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কর্মকর্তারা উদাসীন। তাঁরা কাজ তদারক না করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পড়ে থাকায় সড়কের সংস্কার করা বিভিন্ন অংশ নতুন করে ভাঙছে।
এলজিইডি সূত্র জানায়, বাতিঘর সড়ক দিয়ে উপজেলার আলী ফকির ডেইল, শুকলালপাড়া ও পুরাতন বাতিঘরপাড়ার প্রায় চার হাজার লোকজন যাতায়াত করে। দুই কিলোমিটারের এই সড়কটি সংস্কারের জন্য গ্রামীণ সড়ক ও হাটবাজার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৭২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয় ২০১৩-১৪ অর্থবছরে। কাজ শুরু হয় ২০১৩ সালের আগস্ট মাসে। কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স খোরশেদ আলম’ যথাসময়ে সড়কের উন্নয়নকাজ শুরু করে। এরপর সড়কের ৫০ শতাংশ কাজ শেষ করে ঠিকাদারের লোকজন উধাও হয়ে যান। গত এক বছর ধরে সড়কটি এভাবে পড়ে থেকে নষ্ট হচ্ছে। সৃষ্টি হয়েছে গর্ত।
দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন আল আযাদ জানান, গত দুই অর্থবছরেও ঠিকাদার সড়কটির উন্নয়নকাজ শেষ করতে পারেনি। কাজ দ্রুত শেষ করার জন্য এক বছর ধরে চেষ্টা চালাচ্ছি। কিন্তু ঠিকাদারের অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মীর কাসেম জানান, বৃষ্টির জন্য নির্দিষ্ট সময়ে সড়কের উন্নয়নকাজ শেষ করা যাচ্ছে না। সড়ক উন্নয়নকাজের সব মালামাল মজুত আছে। বৃষ্টি শেষ হলেই বাকি কাজ শেষ করা হবে। এলজিইডি কুতুবদিয়া উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন জানান, এ পর্যন্ত সড়কের ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে ঠিকাদারকে তাগাদা দেওয়া হচ্ছে।