চার মাসের কাজ সাত মাসেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা ডাকঘর ভবনের নির্মাণকাজ সাত মাসেও শেষ হয়নি। কাজ শেষ না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে দায়িত্ব পালন করছেন।ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিতে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়নি। এ কারণে তাঁরা দায়িত্ব পালন করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন।উপজেলা ডাকঘর সূত্রে জানা গেছে, ডাকঘরের পুরোনো একতলা ভবনটি ১৯৯১ সালের ১৬ জানুয়ারি নির্মাণ করা হয়। এতে সাতটি কক্ষ ছিল। নির্মাণের পর থেকে কোনো দিন সংস্কার করা হয়নি। এতে পলেস্তারা খসে পড়ে একাধিক ছাদের বিম ফেটে গেছে। একই সঙ্গে বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে। ভবনটির মেঝেও এক হাত দেবে গেছে। এ অবস্থায় সরকার ভবনটি সংস্কার করার উদ্যোগ নেয়। সংস্কার শুরু হওয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু দুই মাস কাজ করার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাউকে কিছু না জানিয়ে চলে যায়। এতে ভবনের অবস্থাও আরও খারাপ হয়। জানা গেছে, মেসার্স সাদিয়া বিল্ডার্স নামের রাজশাহীর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। এ জন্য সাত লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ করা হয়। গত ৪ মে কাজ শুরু হয়। দরপত্রের শর্ত অনুযায়ী, চার মাসের মধ্যে সংস্কারকাজ শেষ করার কথা বলা হয়েছে। এখনো ভবনটি সংস্কারের ৪০ শতাংশও শেষ হয়নি। সরেজমিনে দেখা গেছে, এখনো সীমানাপ্রাচীর, টাইলস বসানো এবং দরজা ও জানালায় রঙের কাজ শেষ হয়নি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান দাবি করেছে, প্রায় ৭০ শতাংশ কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজ সময় বাড়িয়ে নিয়ে করা হবে।ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী মহব্বত হোসেন মুঠোফোনে বলেন, সংস্কারকাজের মেয়াদ শেষ হয়েছে। তবে তাঁরা সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন। ডাকঘরের পাশে ছোট ক্যানেলে (খাঁড়ি) পানি থাকায় ওই সময় কাজ করা যায়নি। ক্ষেতলাল বাজারের ব্যবসায়ী বাচ্চু মিঞা, রাব্বানি ও আবু কালাম জানান, এক যুগের বেশি সময় ধরে ডাকঘর ভবনটি জীর্ণশীর্ণ অবস্থায় পড়েছিল। সংস্কারকাজ শুরু হয়ে আবার অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেল। আসলে এসব দেখার কেউ নেই। পোস্টমাস্টার সফিকুল ইসলাম বলেন, ‘সংস্কারকাজটি অনেক আগে শেষ হওয়ার কথা। কিন্তু অজ্ঞাত কারণে শেষ হচ্ছে না। এ বিষয়ে আমাদের তেমন কোনো নজরদারি করার দায়িত্ব নেই।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা বলেন, ‘সংস্কারকাজটি রাজশাহীর প্রধান ডাকঘর থেকে তদারকি করা হচ্ছে। তবে দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে খোঁজখবর নেব।’