চার মাসের কাজ ১৯ মাসেও শেষ হয়নি
রাজশাহীর বাগমারায় খোঁড়াখুঁড়ি করে ও খোয়া বিছিয়ে রেখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সাড়ে তিন কিলোমিটার সড়কের নির্মাণকাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। চার মাসের কাজ ১৯ মাসেও শেষ না হওয়ায় সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে স্থানীয় লোকজন ভোগান্তি পোহাচ্ছেন।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) বাগমারা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের ভবানীগঞ্জ-মোহনপুর সড়ক নির্মাণের জন্য ২০১১ সালে দরপত্র আহ্বান করা হয়। এ জন্য এক কোটি ১০ লাখ টাকা বরাদ্দ করা হয়। রাজশাহীর ঠিকাদার ফরিদ উদ্দিন কাজটি পান। ওই বছরের ১৩ জুন কার্যাদেশ দেওয়া হয়। বিএমডিএ সূত্রে জানা গেছে, কার্যাদেশ অনুযায়ী কাজটি ১২০ দিনের মধ্যে শেষ করতে হবে। তবে এখনো কাজ শেষ হয়নি। ঠিকাদার সাড়ে তিন কিলোমিটার সড়কটি খুঁড়ে সেখানে খোয়া বিছিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন। দীর্ঘদিন ধরে লোকজনকে ওই খোয়া বিছানো সড়কের ওপর দিয়ে যানবাহনে যাতায়াত করতে হচ্ছে। মোহনপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, সড়কে খোয়া বিছিয়ে রাখায় আরও সমস্যা হয়েছে। মালামাল বহন ও যাতায়াত করতে গিয়ে তাঁদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিএমডিএ সূত্রে আরও জানা গেছে, ঠিকাদার ইতিমধ্যে ৬৫ লাখ টাকা তুলে নিয়েছেন। নির্দিষ্ট সময় কাজ শেষ করতে না পারায় ঠিকাদার কাজের মেয়াদ দুই দফা বাড়িয়েও নিয়েছেন। এর পরও তিনি কাজ শেষ করতে পারেননি। ঠিকাদার ফরিদ উদ্দিনের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়। ঠিকাদারের প্রতিনিধি সুমন জানান, যে পরিমাণ কাজ করা হয়েছে তার বিল নেওয়া হয়েছে। কাজ ফেলে রাখা প্রসঙ্গে বলেন, ‘ফান্ড পাইনি, তাই কাজ করছি না।’বিএমডিএর বাগমারা আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান জানান, ঠিকাদারের সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে কাজ শেষ করতে হবে। ঠিকাদার কয়েক দফা সময় বাড়ালেও কাজ শেষ করতে পারেননি। এ ব্যাপারে ঠিকাদারকে তাগাদা দেওয়া হবে।