কদমতলী উড়ালসড়কের নির্মাণকাজ আগামী চার মাসের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। গতকাল রোববার সকালে নির্মাণকাজ পরিদর্শনে গিয়ে এই নির্দেশ দেন তিনি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
সিডিএ সূত্রে জানা গেছে, নগরের পুরাতন রেলস্টেশনের সামনে থেকে দেওয়ানহাটের বায়তুশ শরফ মাদ্রাসা পর্যন্ত এই উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে। এর দৈর্ঘ্য ১ দশমিক ২ কিলোমিটার। ২০১২ সালের এপ্রিলে উড়ালসড়কের নির্মাণকাজ শুরু হয়। প্রায় ৫৮ কোটি টাকার এই প্রকল্প ২০১৩ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। দুই দফা মেয়াদ বাড়িয়ে প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০১৫ সালের জুন পর্যন্ত।
উড়ালসড়কের প্রকল্প পরিচালক আহমদ মঈনুদ্দিন জানান, ইতিমধ্যে ৯২ শতাংশ কাজ শেষ হয়েছে। তহবিল সংকটের কারণে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন করা যায়নি
মন্ত্রী বলেন, উড়ালসড়কের কাজ শেষ করতে আরও দুই মাস সময় লাগবে বলে সিডিএর প্রকৌশলীরা তাঁকে জানিয়েছেন। তবে তিনি তাঁদের আরও দুই মাস বাড়তি সময় দিয়েছেন। মন্ত্রী জানান, দেওয়ানহাট সেতুর বিকল্প হিসেবে এই উড়ালসড়ক নির্মাণ করা হচ্ছে। এতে বিমানবন্দরে আসা-যাওয়া আরও নির্বিঘ্ন হবে। এটি নির্মিত হলে আন্তজেলা বাসগুলোর যাতায়াতও সহজ হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সিডিএর বোর্ড সদস্য ইউনুস গণি চৌধুরী, প্রধান প্রকৌশলী জসিম উদ্দিন, সচিব তাহেরা ফেরদৌস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী কাজী হাসান বিন শামস, উপপ্রধান নগর পরিকল্পনাবিদ শাহীন উল ইসলাম খান, অথরাইজড কর্মকর্তা মনজুর হাসান ও মোহাম্মদ শামীম প্রমুখ।