চার মাসের শিশুকে আছাড় মেরে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পারিবারিক কলহের জের ধরে বাবা চার মাস বয়সী মেয়ে রাহিমা আক্তারকে আছাড় মেরে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে।
রহিমার বাবার নাম দেলোয়ার হোসেন। তিনি পেশায় রিকশাচালক। এদিকে দেলোয়ারকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মধ্যপাড়া গ্রামের দেলোয়ার ও তাঁর স্ত্রী ইয়াছমিনের মধ্যে বেশ কিছুদিন ধরে কলহ চলছে। শনিবার সকালে তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে দেলোয়ার ক্ষিপ্ত হয়ে স্ত্রীর কোল থেকে মেয়েকে নিয়ে আছাড় মারেন। আশপাশের লোকজন আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে দেলোয়ার পলাতক।